প্রতিবন্ধীর পাশে প্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের কামাকুছড়া গ্রামের জ্ঞানরঞ্জন তালুকদার (৬৮) দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁর স্ত্রী কল্পনা চাকমাও (৫৫) শারীরিক প্রতিবন্ধী। ভিক্ষা করে জীবন চলে। বসতঘর একজনের দান করা ছোট্ট একটি টিলায়। ভাঙা ঘর। ছাউনি ফুটো। বৃষ্টি হলে পানি পড়ে। দ্বারে দ্বারে ঘুরে সবার সাহায্য চেয়েছেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। অবশেষে জ্ঞানরঞ্জনের পাশে দাঁড়ালেন দুই প্রতিবন্ধী বিশ্বজিত গুপ্ত ও আনন্দ মোহন চাকমা।

ঘরের ছাউনি দেওয়ার জন্য তাঁরা ৬ এপ্রিল দুই বান্ডিল ঢেউটিন ও খরচের জন্য কিছু টাকা তুলে দেন জ্ঞানরঞ্জনের হাতে। সব সময় পাশে থাকারও আশ্বাস দেন তাঁরা।

জ্ঞানরঞ্জনের সংসারে এক মেয়ে এক ছেলে। মেয়ে গীতা রানী তালুকদারকে গত বছর বিয়ে দিয়েছেন। ছেলেকে লেখাপড়া করাচ্ছেন। ছেলে বিধান তালুকদার এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

জ্ঞানরঞ্জন চাকমা বলেন, ‘অনেক জায়গায় ঘুরেছি। অনেক জনপ্রতিনিধির কাছে সাহায্য চেয়েছি কিন্তু আমাকে ঘর করার জন্য কেউ সাহায্য করেনি। ভিক্ষার টাকায় ছেলেকে পড়ালেখা শেখাচ্ছি।’ চোখের দৃষ্টি হারানোর ব্যাপারে বলেন, ‘১২ বছর বয়সে একদিন হঠাৎ চোখ দুটি লাল হয়ে যায়। টাকা-পয়সা না থাকায় চিকিৎসকের কাছে যেতে পারিনি। তাই গ্রামের বৈদ্য কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে চোখের মধ্যে গাছের কষ দেয়ার পর দৃষ্টি হারিয়ে ফেলি।’ জ্ঞানরঞ্জনের স্ত্রী কল্পনা চাকমা বলেন, ‘আমি নিজেও শারীরিক প্রতিবন্ধী। চলাফেরা করতে পারি না। স্বামী ভিক্ষা করে আনলে পেটে ভাত জোটে, না হয় উপোস থাকতে হয়। খেয়ে না-খেয়ে ছেলেকে লেখাপড়া করাচ্ছি।’ প্রতিবন্ধী বিশ্বজিত গুপ্ত ও আনন্দ মোহন চাকমা বলেন, ‘আমরা নিজেরাই প্রতিবন্ধী তাই প্রতিবন্ধীর কষ্ট বুঝি। তাই আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে জ্ঞানরঞ্জনের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাঁকে সাহায্য করার চেষ্টা অব্যাহত থাকবে।’