রামুতে মুক্তিপণের জন্য দুই শিশু সহোদর হত্যা
প্রতিবাদ অব্যাহত, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় দুই শিশুর সহোদর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মিছিল-সমাবেশ অব্যাহত রয়েছে। এতে বক্তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
গত ১৭ জানুয়ারি বিকেলে গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মোহাম্মদ ফোরকানের দুই ছেলে মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮) বাড়ির পাশে খেলা করার সময় দুর্বৃত্তরা অপহরণ করে। এরপর ফোরকানের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকে দুর্বৃত্তরা।
১৯ জানুয়ারি রাত সোয়া একটার দিকে বড়বিলের একটি ফলের বাগান থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তখনো দুই শিশুর মুখ ও নাক থেকে রক্ত ঝরছিল। পুলিশের সন্দেহ, মুক্তিপণ না পেয়ে দুর্বৃত্তরা দুই ভাই হাসান ও হোছাইনকে শ্বাসরোধে হত্যা করে। হাসান স্থানীয় বাইশারী শাহ নুরুদ্দিন মাদ্রাসা এবং হোছাইন গর্জনিয়া নারিজবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় লোকজন জানান, দুই শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলছে ধারাবাহিকভাবে।
সর্বশেষ ৮ ফেব্রুয়ারি বিকেলে গর্জনিয়ার বড়বিল গ্রামে প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা ইউনুছ মাতব্বরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার।
বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ।
এ সময় উপস্থিত লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কায়কিসলু জানান, দুই ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নয় ব্যক্তিকে পুলিশ গত ২১ জানুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিয়িশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক নিশাদুজ্জামান আটজনকে পাঁচ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
তাঁরা হলেন বড়বিল গ্রামের জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, আলমগীর হোসেন, আবদুল্লাহ, মো. ইউনুস, রুমান উদ্দিন, নোমান, লাইলা বেগম ও রশিদা বেগম। ২৪ জানুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিয়িশাল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দুই সহোদর হত্যার দায় স্বীকার করেছে মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর আলম। দুই শিশুর বাবা বাদী হয়ে এই নয় ব্যক্তিসহ অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে রামু থানায় হত্যা মামলা করেন।
ওসি মো. কায়কিসলু জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আরও পাঁচ ব্যক্তি জড়িত রয়েছে। তাদেরও ধরার চেষ্টা চলছে।