স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড বাধা পাচ্ছিল। অথচ বঙ্গবন্ধুকে হত্যার পর জাসদের পাঁচ নেতা চট্টগ্রামে সেনাশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে মৃত্যুর ঝঁুকি নিয়েছিলেন। ধরা পড়ে কারাগারে কাটাতে হয়েছে তিন বছর। নির্মম নির্যাতনের শিকারও হতে হয়েছে তাঁদের।
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাসদের পাঁচ নেতা–কর্মী গত শনিবার এক সংবাদ সম্মেলনে সেই সময়কার দুঃসহ নির্যাতনের স্মৃতি তুলে ধরেন। আবদুন নূর, মিলন সেন, নুরুল আমিন ও হোসেনুজ্জামান নামের চার সহযোদ্ধাকে পাশে নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। এ সময় জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন বলেন, ’পঁচাত্তরের ১৫ আগস্টের আগে জাসদের আক্রমণ ছিল তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে। ১৫ আগস্টের পর জাসদের আক্রমণের মুখ ঘুরে যায় সেনা সমর্থনপুষ্ট নব্য শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর মোশতাক চক্র ও জান্তার বিরুদ্ধে আক্রমণ শানানোর রণকৌশল গ্রহণ করা হয়। মঈন উদ্দীন খান বাদলের নির্দেশে চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালীতে জাসদ সংগঠিত হয়। প্রথমে প্রচার অভিযান শুরু করা হয়। এ ক্ষেত্রে স্থানীয় দালাল ও মুসলিম লীগের লোকজন আমাদের ভারতের দালাল বলে অভিহিত করেন।’
সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন চৌধুরী বলেন, ‘প্রচার অভিযানের এক পর্যায়ে পঁচাত্তরের ১৫ সেপ্টেম্বর আমি, আবদুন নূর, মিলন সেন, নুরুল আমিন ও হোসেনুজ্জামান বেঙ্গুরা স্টেশনে গভীর রাতে দেয়াল লিখনের কাজে যাই। তখন আমাদের ঘেরাও করে ফেলা হয়। ওই সময় সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। কারও টুঁ-শব্দ করার কোনো জো ছিল না। এমনই শ্বাসরুদ্ধকর, চরম বিভীষিকাময় পরিস্থিতিতে সেদিন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করার অর্থ ছিল স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করা।’
বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়ে নাসিরুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বোয়ালখালীর শাকপুরা হাই স্কুলের দেয়ালে স্লোগান লিখছিলাম। এই কারণে মুসলিম লীগের সদস্যরা আতঙ্কিত হয়ে ওঠেন। এই কাজটি হিন্দু এবং ভারতের চরেরা করছে বলে তাঁরা মানুষকে বোঝানোর চেষ্টা করেন। এভাবে মিথ্যা গুজব ছড়িয়ে গ্রামের মানুষকে জড়ো করে পঁচাত্তরের ১৫ সেপ্টেম্বর রাত তিনটায় আমাদের বেঙ্গুরা স্টেশন ঘিরে ধরে ফেলা হয়। রাতে স্টেশনের একটি কক্ষে আটকে রাখা হয়। পরদিন বিডিআর এসে আমাদের নির্যাতন করে। পরে বোয়ালখালী থানায় দুদিন আটকে রেখে আমাদের পাশবিক নির্যাতন চালানো হয়। সে যে কী নিষ্ঠুর, অমানবিক নির্যাতন তা আজও মনে পড়লে গা শিউরে ওঠে।’
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে নাসিরুদ্দিন বলেন, ‘আমাদের পা ওপরের দিকে বিমের সঙ্গে বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে পেটানো হতো। পাশাপাশি গর্তের মধ্যে পা শেকল দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর করা হতো। বস্তার ভেতর ঢুকিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে চেপে রাখা এবং শ্বাস বন্ধ হয়ে ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হলে আবার ওপরে টেনে তোলা হতো। এমনি প্রক্রিয়ায় পানিতে ডোবানোর কারণে জ্ঞানও হারিয়ে ফেলতে হয়েছে। এরপর আদালতে পাঠানো হয়। পরে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কারাভোগ শেষে তিন বছর পর ১৯৭৮ সালে জামিন মেলে।’