
গত বছর পয়লা বৈশাখের কথা। টিএসসিতে নারী লাঞ্ছনার প্রতিবাদে তখন সারা দেশ সোচ্চার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও এই আন্দোলনে শামিল হয়েছিলেন। প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছিলেন ভিন্ন এক পন্থা। বুয়েট কর্তৃপক্ষের সহায়তায় ক্যাম্পাসেই ছাত্রীদের জন্য শুরু হয়েছিল কারাতে ও জুডো প্রশিক্ষণ। এক বছর পেরিয়ে সেই প্রশিক্ষণ থেকে উঠে আসা ২০ জন শিক্ষার্থীর একটি দল অংশ নেওয়ার সুযোগ পায় ৩৩তম জাতীয় জুডো প্রতিযোগিতায়। আর সেই দলের আটজন শিক্ষার্থী প্রথমবারের মতো অংশ নিয়েই উঠে গিয়েছিলেন মূল প্রতিযোগিতার সেমিফাইনালে।
২৬ মে খুব সকালে বুয়েট জিমনেসিয়ামে গিয়ে দেখা গেল, চলছে হবু প্রকৌশলীদের কারাতে চর্চা। যন্ত্র নিয়ে যাঁদের পড়াশোনা, বইয়ের মধ্যে যাঁদের বুঁদ হয়ে থাকার কথা, তাঁরাই বিকেএসপি, আনসার, ভিডিপি কিংবা সেনা সদস্যদের পাশাপাশি জেলা পর্যায় থেকে আমন্ত্রিত দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় শামিল হয়েছেন। নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে লড়াই করেছেন। এক বছরে এই প্রাপ্তিটুকুই বা কম কী?
বুয়েট প্রাঙ্গণে কারাতের শিক্ষানবিশ কয়েকজন তরুণীর সঙ্গে কথোপকথনে উঠে এল প্রশিক্ষণের আদ্যোপান্ত। দলের সিনিয়র সদস্য পুরকৌশল বিভাগের ছাত্রী আমিনা বিনতে আরিফ বললেন, ‘প্রথম উদ্যোগ নিয়েছিলেন ১০ ব্যাচের কম্পিউটার কৌশলের শিক্ষার্থী সোনিয়া হোসেন আপুসহ কয়েকজন। তারপর আস্তে আস্তে অনেকেরই সাড়া পাওয়া গেল।’ যেদিন কথা হচ্ছিল এই দলের সদস্যদের সঙ্গে, ঠিক তার দুই দিন আগে মারা গেছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম। মুখ ভার করে তাই প্রিয় শিক্ষকের অবদানের কথা স্মরণ করলেন আমিনা, ‘উপাচার্য ম্যাডাম, ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক স্যারসহ সবাই দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। ম্যাডাম নিজে নিয়মিত আমাদের প্রশিক্ষণের খোঁজখবর নিতেন। বুয়েটের শারীরিক শিক্ষা বিভাগের রেহানা ইয়াসমিন ম্যাডামও খুব সাহায্য করেছেন।’
প্রথম দিকে বুয়েটের মোট ১৩৭ জন ছাত্রী নাম নিবন্ধন করেছিলেন। এখন সেই সংখ্যাটা বেড়েছে আরও। সার্বিক বিষয় তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপপরিচালক নয়না চৌধুরী। সপ্তাহে বিশ্ববিদ্যালয় বন্ধের দুই দিন সকালে দুই ঘণ্টা আত্মরক্ষার ক্লাস হয়। প্রশিক্ষকের দায়িত্বে আছেন নাজিয়া নূর ও জাকের উল্লাহ।
শিক্ষার্থীদের অগ্রগতি কত দূর—যাচাই করার জন্য হয়েছিল পরীক্ষা। ১২ ব্যাচের পানিসম্পদ প্রকৌশল বিভাগের মুশতারি মালিহা বলছিলেন সে কথা। ‘আমাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মূল্যায়ন কমিটি ২৭ জন প্রশিক্ষণার্থীকে ইয়েলো বেল্ট দিয়েছেন।’ কেমিকৌশল বিভাগের নাফিসা তাসনিম বলছিলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে জাতীয় পর্যায়ের একটা প্রতিযোগিতায় অংশ নেওয়া আমাদের জন্য বড় এক পাওয়া ছিল।’ তবে জুডোর প্রস্তুতির জন্য আনুষঙ্গিক ম্যাট ও অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা থাকলে তাঁদের প্রস্তুতি আরও ভালো হতো বলে জানালেন তিনি।
বখাটেদের জন্য আরও দুঃসংবাদ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা বুয়েটে শুরু করতে যাচ্ছেন ‘সেলফ ডিফেন্স ক্লাব’। যেখানে স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে আত্মরক্ষার কিছু কৌশল শেখানো হবে। সবকিছুর ওপরে তাদের একটাই চাওয়া—নারীর মনে ভয়ের বদলে যেন জায়গা করে নেয় শক্তি আর আত্মবিশ্বাস।