প্রতিবাদে 'রংবাজি'

‘রংবাজ’, শুনলেই চোখের সামনে একদল বখাটে ছেলের উত্ত্যক্ত করার ছবি চোখে ভেসে ওঠে। সঙ্গে ভ্রুও কুঁচকে যায়! তার ওপর যে শহরে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রতিদিন এত ভাবনা, সেখানে মেয়েদের রংবাজি? অসম্ভব!

১ এপ্রিল ঢাকার এশিয়াটিক সোসাইটির পাশে নিমতলী গেটে কয়েকজন মেয়ে সত্যি সত্যি করেছেন ‘রংবাজি’। নারী নির্যাতন রোধে প্রথমবারের মতো তাঁরা বসেছেন রাস্তায়। রং-তুলিতে ছবি এঁকেছেন রিকশায়। তৈরি করেছেন নির্যাতনবিরোধী স্লোগান। ফেসবুকে মেয়েদের গ্রুপ ‘মেয়ে: আ সিস্টারহুড’ এই উদ্যোগ নেয়। এটি পরিচালনা করে মেয়ে নেটওয়ার্ক।
এত কিছু থাকতে রিকশায় রং করা কেন, জানতে চাইলে মেয়ে নেটওয়ার্কের অন্যতম উদ্যোক্তা পেশায় প্রকৌশলী তৃষিয়া নাশতারান বলেন, ‘রিকশা আমাদের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। রিকশাচিত্রে উঠে আসে সমসাময়িক সমাজের ছবি। রিকশা যেহেতু সর্বজনীন বহুল ব্যবহৃত বাহন, তাই আমাদের প্রতিবাদের ভাষা ফুটে উঠছে রিকশায়! আমরা এই রিকশাগুলো রং করে স্লোগান লিখে দিচ্ছি। পয়লা বৈশাখে অন্তত এই চারটি রিকশা যেখানে যাবে, সেখানেই গত বছরের নারী অপমানের প্রতিবাদ হবে আমাদের পক্ষ থেকে। তা ছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে জনসচেতনতা তৈরিতে এটি আমাদের নিজেদের চেষ্টা।’

‘আমাদের দেশে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, নারীর প্রতি যৌন সহিংসতা, অপ্রয়োজনীয় সব ঘটনাতেই নারীকে দোষারোপ করা, এমনকি ধর্ষণের মতো জঘন্য কাজেও নারীর দোষ খোঁজা হচ্ছে, তাতে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে রিকশাকে বেছে নিয়েছি।’ রং-তুলিতে আঁচড় দিতে দিতে বলেন মেয়ে গ্রুপের একজন সদস্য। মানববন্ধন, পথরোধ ইত্যাদি আসলে সচেতনতা তৈরি করলেও মানুষের দৈনন্দিন কাজকর্মকে ব্যাহতও করে। আমরা চাই আমাদের প্রতিবাদ হবে জোরালো কিন্তু সহজ।

‘লজ্জা ধর্ষকের, ধর্ষিতার নয়’, ‘নজর সামলে রাখুন’, ‘মেয়েরা মানুষ, মাল নয়’, ‘জোর করে ভালোবাসা যায় না’, ‘বউয়ের দোয়া’, ‘ঘরের কাজ ফেলনা নয়, বাইরের কাজ খেলনা নয়’, ‘নারীর অপমান, জাতির অপমান’—এমন নানা রকমের স্লোগান তাঁরা লিখেছেন।
ভবিষ্যতে মেয়েদের পক্ষ থেকে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তাঁরা। আগামী মে মাসে হতে যাচ্ছে দুই প্রজন্মের নারীর ছবি নিয়ে প্রদর্শনী ‘একান্তর’। তা ছাড়া আরও রিকশা, সিএনজি ও বাস রং করে নারী নির্যাতনবিরোধী স্লোগান লিখে প্রতিবাদ করার কথাও ভাবছেন তাঁরা।
এ উদ্যোগটি মেয়ে নেটওয়ার্কের পক্ষ থেকে হলেও তারা আমন্ত্রণ জানিয়েছে সবাইকে। শহরে নতুন এই নারী ‘রংবাজ’রা একদিকে শুধু রিকশা পেইন্ট করে প্রতিবাদই করেননি, তৈরি করছেন জনসচেতনতাও।