ধর্ষণের প্রতিবাদ করে একটি প্ল্যাকার্ড হাতে এক নারী দাঁড়িয়ে আছেন। চলমান ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনের এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা পত্রপত্রিকায় এখন প্রতিদিন দেখা যায়। তবে এও দেখা গেছে প্রকাশিত ছবিটি বদলে যাওয়া চেহারা নিয়ে আবার হাজির হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। একই স্থানের একই ছবি সম্পাদনার ‘কল্যাণে’ ক্রপ করে প্ল্যাকার্ডে যে লেখা ধরিয়ে দেওয়া হয়, তা ছাপার যোগ্য নয়। মর্ফিং অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে খুব সূক্ষ্মভাবে একটি ছবির কিছু অংশ পাল্টে দেওয়া হয়েছে। দেশজুড়ে আন্দোলনের ছবির বিকৃত উপস্থাপনের ঘটনা আরও ঘটেছে।
বিচ্ছিন্ন প্রবণতা নয়
এর আগেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি কমানো, কোটাবিরোধী ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভেও ব্যাপকভাবে প্রতিবাদের ভাষার বিকৃতি ঘটাতে দেখা গেছে। মর্ফিংয়ের মাধ্যমে চেহারা পাল্টে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপনের ‘নিছক মজা’ এখন ধর্ষণবিরোধী আন্দোলন ঘিরেও শুরু হয়েছে। ধর্ষণবিরোধী আন্দোলনকে হাস্যকর ও উপহাসে পরিণত করতে পরিকল্পিতভাবে প্রতিবাদের ভাষার এমন বিকৃতি ঘটানো হচ্ছে বলে মনে করছেন অনেকে। চলমান আন্দোলনে নারী ছবির সঙ্গে বিকৃত ও অশালীন ভাষার উপস্থাপন অপরাধ হলেও এর পেছনে কারা রয়েছে, তা খুঁজতে সরকারি কোনো তৎপরতা নেই।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, কোনো প্রতিবাদ সমাবেশ বা আন্দোলনের স্থিরচিত্র বিকৃত করে বা পোস্টার ও ব্যানারের মূল কথা ঢেকে দিয়ে সম্পূর্ণ ভিন্ন কোনো কথা লিখে সামাজিক মাধ্যমে প্রচার করার এই কৌশল বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে। কোনো নারীর ছবিকে মর্ফিংয়ের মাধ্যমে হেয় করা, হাস্যস্পদ কটূক্তির লক্ষ্যে পরিণত করা থেকে এর শুরু হয়।
গীতি আরা নাসরীন ২০১১ সালের একটি উদাহরণও দেন। সে সময় বিপ্লবী নারী সংহতির নারী অধিকারবিষয়ক একটি সমাবেশের ক্ষেত্রে ব্যানারের কথা বদলে দিয়ে প্রচার করা হয়েছিল। তিনি বলেন, সাম্প্রতিককালে, নিরাপদ সড়ক আন্দোলন ও ধর্ষণবিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই বিকৃতিকরণের প্রবণতাটি বিচ্ছিন্ন বলে মনে হয় না।
প্রতিবাদের ভাষা বিকৃতির মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করা হচ্ছে বলে মনে করেন অধ্যাপক গীতি আরা নাসরীন। এই আন্দোলনগুলোকে যাঁরা হেয় বা ষড়যন্ত্রমূলক হিসেবে দেখাতে চান, কিংবা আন্দোলনকারীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করতে চান, তাঁরাই খুব সুপরিকল্পিতভাবে এই বিকৃতি তৈরি এবং প্রচার চালু রাখেন। যদিও এটি দেশের প্রচলিত আইন অনুসারেই শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগ এলে ব্যবস্থা
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮–এর ২৫(ক) অনুসারে, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইটে বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় করার জন্য কোনো তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচার করেন, তবে তা অপরাধ বলে বিবেচিত হবে। এর সাজা হচ্ছে অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক তিন লাখ টাকা জরিমানা বা দুটি দণ্ডেই দণ্ডিত করা।
প্রতিবাদের ভাষা বিকৃতির এ ধরনের প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আল কিবরিয়া বলেন, কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কারা কী উদ্দেশ্যে করছে জানা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কারা করছে জানা যায়নি।
এদের থামাতে হবে
দেখা যায়, নারীদের হাতে ধরা পোস্টার বা ব্যানারের বক্তব্য বিকৃতি করাই বেশি প্রচলিত। এর মাধ্যমে ছবির নারীকে পাঠক বা দর্শকের মৌখিক কটূক্তির লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়, যা নারীর প্রতি সহিংসতার আরেকটি রূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বলেন, ‘এই করোনাকালেও ধর্ষণের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে পথে নেমেছে। আর একটা গোষ্ঠী ধর্ষণ নিয়ে মজা শুরু করেছে। ধর্ষণ যে কত বড় অপরাধ, সেটা নিয়ে ওই “মানসিক রোগাক্রান্ত” ব্যক্তিদের কোনো বোধ নেই। এসব আচরণের মাধ্যমে প্রতিবাদকে ব্যাহত করে হাস্যকর ও মূল্যহীন করার চেষ্টা করা হয়। অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় চিন্তা–ভাবনা, শক্তি, শ্রম দিয়ে যে প্রতিবাদ করছে মানুষ, সেটাকে উপহাসের জায়গা করে ফেলতে চায় ওই বিকৃত রুচির মানুষেরা। এই মানুষদের থামানো দরকার। আমরা যেন কথা বলি বুদ্ধি-বিবেচনা দিয়ে। এ ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা আরও সক্রিয় হলে মানুষ স্বস্তি পেত।’