প্রতিবেশ সংকটাপন্ন এলাকার পাহাড় কেটে চলছে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের কলাতলীতে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে আবাসন প্রকল্পের স্থাপনা। ছবিটি ১৫ ফেব্রুয়ারি তোলা l প্রথম আলো
কক্সবাজার শহরের কলাতলীতে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে আবাসন প্রকল্পের স্থাপনা। ছবিটি ১৫ ফেব্রুয়ারি তোলা l প্রথম আলো

কক্সবাজারের কলাতলীতে সৈকতের পাশে অবস্থিত প্রতিবেশ সংকটাপন্ন পাহাড় কেটে তৈরি হচ্ছে আবাসন প্রকল্প। ওই পাহাড়ে ‘চন্দ্রিমা বহুমুখী সমবায় সমিতি লিমিডেট’ নামে আবাসন প্রকল্পের জন্য স্থাপনা নির্মাণের কাজ চলছে। পাহাড় কাটার কারণে আশপাশের কিছু বসতি ঝুঁকির মুখে পড়েছে, পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
১৫ ফেব্রুয়ারি বিকেলে আবাসন প্রকল্প ঘুরে দেখা গেছে, চন্দ্রিমা বহুমুখী সমবায় সমিতির ২০ নম্বর প্লটের পাশে উঁচু একটি সরকারি পাহাড় কেটে সাবাড় করছেন ১০ থেকে ১২ জন শ্রমিক। তারপর সমতল করা পাহাড়ি ভূমি টিনের ঘেরা দিয়ে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
নির্মাণশ্রমিক আবুল কালাম বলেন, ১৫ দিন ধরে তাঁরা পাহাড় কেটে সমতল করা ভূমিতে স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছেন। এর আগে পাহাড়ের একটি অংশ কেটেছে আরেক দল লোক। তখন তাতে কেউ বাধা দেয়নি। এই প্লটের মালিক মহেশখালী উপজেলার মো. শাহেদ বলে তাঁরা জানান।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, পাহাড় কাটা হলেও দেখার কেউ নেই। মূলত সমিতির আয়তন বাড়াতে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি পাহাড় সাবাড় করে চওড়া দামে প্লট বিক্রির বাণিজ্যে নেমেছেন। উঁচু পাহাড় কাটার কারণে আশপাশের কয়েকটি ঘরবাড়ি ঝুঁকিতে পড়েছে। বর্ষায় বৃষ্টির পানিতে পাহাড় ধসে এসব ঘরবাড়ি বিলীন হতে পারে।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি মাসুদুর রহমান বলেন, সৈকতের তীরঘেঁষা প্রতিবেশ সংকটাপন্ন উঁচু পাহাড়গুলো কিছুতেই রক্ষা করা যাচ্ছে না। গত পাঁচ বছরে একাধিক পাহাড়ধসের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। যদিও পাহাড় কাটা বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে পাহাড় কাটার স্পট পরিদর্শন করেছি। জমির বিষয়টি ভূমি অফিস দেখবে। পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবে।’
পাহাড় কেটে প্লট তৈরি প্রসঙ্গে অভিযুক্ত মো. শাহেদ বলেন, ‘আশপাশের সবাই পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করেছেন। তাই আমিও স্থাপনা নির্মাণের জন্য আংশিক পাহাড় কাটছি। এতে কারও সমস্যা হওয়ার কথা নয়।’
তবে চন্দ্রিমা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আজিজুর রহমান সমিতির পক্ষ থেকে কেউ পাহাড় কাটছে না বলে দাবি করেন। তিনি বলেন, মো. শাহেদ সমিতির ২০ নম্বর প্লটের মালিক। কিন্তু তিনি পাহাড় কাটলে এর দায় সমিতি নেবে না।
কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া বলেন, সমিতির অভ্যন্তরে কেউ পাহাড় কেটে স্থাপনা করলে দায় সমিতিকে নিতে হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ বলেন, শহরের বিভিন্ন স্থানে পাহাড় কাটার মহোৎসব চলছে। পাহাড় কাটা ভূমিতে চলছে অবৈধভাবে ঘরবাড়ি তৈরির হিড়িক। আগামী বর্ষায় এসব স্থানের পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে। তাই বর্ষার আগেই পাহাড়ের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার প্রস্তুতি চলছে।