প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎসংযোগ লাইন উদ্বোধন করা হয়েছিল গত ১৪ আগস্ট। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। কিন্তু তিন দিন পর ১৭ আগস্ট হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর থেকে এক মাসের বেশি সময় বিদ্যুতের আর দেখা নেই। জুরাছড়ি উপজেলার গ্রাহকদের অভিযোগ, প্রতিমন্ত্রী বিদ্যুৎ সরবরাহ লাইন উদ্বোধনে এলে জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের অনুষ্ঠান বর্জন করেন। এ জন্য নানা অজুহাতে এ অবস্থার সৃষ্টি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একজন আদিবাসী আওয়ামী লীগ নেতা জানান, দীপংকর তালুকদারের অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তাঁরা চাপের মধ্যে রয়েছেন। বিদ্যুৎ না পাওয়ার পাশাপাশি জেলার নেতাদের কাছ থেকে অনেক গালিও শুনতে হচ্ছে বলে ওই নেতা আক্ষেপ করেন। জুরাছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্যামল কান্তি চাকমা বলেন, ‘প্রতিমন্ত্রীকে বর্জনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ সম্ভব না হলে গ্রাহকদের জানানো হতো।’উপজেলার কিয়াং বাজারের ব্যবসায়ী নিরূপম চাকমা বলেন, ‘বিদ্যুৎসংযোগ পাওয়ায় একটি ফ্রিজ কিনেছিলাম। তিন দিন চালানোর পর সেটি বন্ধ রয়েছে।’ পিডিবি সূত্রে জানা গেছে, রাঙামাটির বিলাইছড়ি উপজেলা থেকে ৫০ কিলোমিটার দূরত্বে জুরাছড়িতে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন নেওয়া হয়। গত ১৪ আগস্ট বিদ্যুৎসংযোগ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। কিন্তু ওই সময় সরকারের আদিবাসী হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির অস্বীকৃতির প্রতিবাদে স্থানীয় লোকজন প্রতিমন্ত্রীকে বর্জন করেন। সাধারণ জনগণের চাপে উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতা-কর্মী উদ্বোধনী অনুষ্ঠানে যাননি। এমনকি প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সঙ্গে সৌজন্যমূলক দেখাও করেননি। এ বিষয়ে ১৫ আগস্ট প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, এর আগে জুরাছড়িতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রথমে জেনারেটর মাধ্যমে এবং পরে সৌর বিদ্যুতের মাধ্যমে গ্রাহদের বিদ্যুৎ সরবরাহ দিয়েছিল। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, প্রতিমন্ত্রীকে বর্জনের কারণে বিদ্যুৎ সরবরাহ না দেওয়ার গুজবের কথা শুনেছি। সে কারণে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেছিলাম। পিডিবিকে প্রকল্পটি হস্তান্তর না করায় সরবরাহ দেওয়া হচ্ছে না বলে আমার ধারণা। তবে তিন দিন সরবরাহের পর কেন বন্ধ করা হয়েছে তার কোনো ব্যখ্যা দেওয়া হয়নি বলে ইউএনও জানান। এ ব্যাপারে পিডিবির রাঙামাটি নির্বাহী প্রকৌশলী দীপক খীসা বলেন, ৩৩ কেভি বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হলেও শাখা লাইনগুলো সেভাবে এখনো করা হয়নি। তাই বিদ্যুৎসংযোগ দেওয়া হচ্ছে না। এ ছাড়া আগে জেনারেটরের মাধ্যমে দেওয়া বিদ্যুৎ সরবরাহের অনেক বিল বকেয়া রয়ে গেছে।