বেসরকারি কনটেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পতেঙ্গা লালদিয়ার চর এলাকায় অবস্থিত ইনকনট্রেড লিমিটেড দ্বিতীয় এবং উত্তর পতেঙ্গায় অবস্থিত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (পূর্ব ও পশ্চিম) তৃতীয় অবস্থানে রয়েছে। একক ডিপো ছাড়া কোম্পানি হিসেবে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড সবার শীর্ষে রয়েছে।
২০১৪ সালে বেসরকারি ১৬টি ডিপোতে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যার হিসেবে এই চিত্র পাওয়া গেছে। কনটেইনার ডিপোগুলোর মূল কাজ তিনটি। এ তিনটি হল রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া, বন্দর থেকে নির্দিষ্ট ২৯ ধরনের আমদানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে এনে খালাস এবং খালি কনটেইনার সংরক্ষণ।
চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ডিপোর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে বেসরকারি ১৬টি ডিপোর মধ্যে শীর্ষস্থানে থাকা এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমদানি-রপ্তানি পণ্যভর্তি ৮৬ হাজার ৭৭৭ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে) ওঠানো-নামানোর কাজ করেছে। দ্বিতীয় স্থানে থাকা ইনকনট্রেড লিমিটেড ৮৩ হাজার ৯৭ কনটেইনার এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (পূর্ব ও পশ্চিম) ৬৬ হাজার ৯৬৯ কনটেইনার ওঠানো-নামানোর কাজ করে। কোম্পানি হিসেবে শীর্ষে থাকা সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের তিনটি ডিপোতে গত বছর আমদানি-রপ্তানি পণ্যের কনটেইনার ওঠানো-নামানো হয় প্রায় ১ লাখ ১৪ হাজার ৮২৮টি।
বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যার হিসাবে এই ক্রম তালিকা করা হয়। অর্থাৎ বিপণন দক্ষতা অনুযায়ী কোন ডিপো কত কনটেইনার ওঠানো-নামানোর কাজ করল তাই উঠে এসেছে। তবে এ ক্রমতালিকা দিয়ে সেবার মান বিচার করা যাবে না। তিনি বলেন, ডিপোগুলোর সক্ষমতার বড় অংশ এখনো অব্যবহৃত পড়ে আছে।
ফলে গ্রাহক ধরতে এখানে প্রতিযোগিতা বেশি।
বন্দর ও বেসরকারি ডিপো সূত্রে জানা গেছে, ২০১৪ সালে বন্দর দিয়ে আমদািন ও রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ওঠানো-নামানো হয় ১৩ লাখ ৫০ হাজার। এর মধ্যে বেসরকারি ডিপোতে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ওঠানো-নামানো হয় ৬ লাখ ৫৫ হাজার। অর্থাৎ বন্দরের কনটেইনার পরিচালন কর্মকাণ্ডের প্রায় ৪৮ দশমিক ৫৪ শতাংশই হচ্ছে বেসরকারি ডিপোতে। ২০১২ সালে এই হার ছিল প্রায় ৪৫ শতাংশ।
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এখন কোনো রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই হয় না। রপ্তানি পণ্যের প্রায় ৯০ শতাংশ কারখানা থেকে এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়। বাকি ১০ শতাংশ হয় ঢাকার কমলাপুর সরকারি কনটেইনার ডিপো এবং কারখানা চত্বর থেকে। শুধু রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাইয়ের ক্ষেত্রে ১৬টি ডিপোর মধ্যে শীর্ষস্থানে আছে ইনকনট্রেড লিমিটেড। আবার রাজস্ব বোর্ডের নিয়মানুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে ২৯ ধরনের আমদানি পণ্যবাহী কনটেইনার এসব ডিপোতে এনে খালাস বাধ্যতামূলক। বন্দরের হিসাবে, বন্দর দিয়ে আমদানি পণ্যভর্তি কনটেইনারের ২৩ শতাংশ এসব ডিপোতে নিয়ে খালাস করে নেন আমদানিকারকেরা।
বেসরকারি ডিপো মালিক সমিতির সচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে জানান, ২০০৭ সাল থেকে পর্যায়ক্রমে এ পর্যন্ত ২৯টি আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাসের অনুমতি পেয়েছে ডিপোগুলো। আমদানি পণ্যের সংখ্যা যত বাড়ানো হবে, ততই বন্দরের ওপর চাপ কমবে। বন্দরের পরিচালনকাজেও সুবিধা হবে।
ডিপোর কর্মকর্তারা জানান, ২৯ ধরনের পণ্যের আমদানিকারক নিজেদের ইচ্ছা অনুযায়ী পছন্দের ডিপোতে পণ্য খালাস করেন। আবার রপ্তানি পণ্যের বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান ফ্রেইট ফরোয়ার্ডারের মাধ্যমে পছন্দের ডিপোতে নিজেদের পণ্য কনটেইনারে বোঝাই করেন।
ডিপোগুলোর সেবা, বিপণন দক্ষতা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিবেচনা করে গ্রাহকেরা পছন্দের ডিপো বেছে নেন। তবে িডপো ব্যবহারে কনটেইনারের মালিকপক্ষও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।