প্রতিযোগিতা বাড়লেও কমেছে অনুশীলনের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) বর্তমান কমিটি প্রথমবারের মতো একটি ক্রীড়াপঞ্জি প্রকাশ করেছে। ক্রীড়াপঞ্জি অনুসরণে নানা ইভেন্টের প্রতিযোগিতাও সম্পন্ন করছে সংস্থাটির বিভিন্ন উপকমিটি। কিন্তু প্রতিযোগিতা বাড়লেও অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিতই রয়েগেছেন খেলোয়াড়েরা। মাঠের অভাবে অনুশীলন ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে তাঁদের। নগরের খেলার মাঠগুলোতে এখন সারা বছরই কোনো না কোনো মেলা অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম ছাড়া খেলোয়াড়দের অনুশীলনের জন্য কোনো মাঠ নেই। এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন প্রতিযোগিতার আসর বসছে নিয়মিতভাবে। ফলে এই মাঠে খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ কম। এই স্টেডিয়ামসংলগ্ন আউটার স্টেডিয়াম মেলার দখলে থাকে সারা বছর। গত এক বছরে প্রায় ১০টি মেলা অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। গেল ডিসেম্বর মাসে বিজয় মেলা অনুষ্ঠিত হওয়ার পর এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেনি মাঠটি। স্টল নির্মাণের জন্য পুঁতে রাখা বাঁশ ও নির্মাণ-সামগ্রী রয়ে গেছে এখনো। এ ছাড়া ফটক নির্মাণের জন্য মাঠে খোঁড়া হয়েছে গর্ত। খেলার অনুপযোগী বিপজ্জনক এই মাঠেই বাধ্য হয়ে অনুশীলনে নামছেন খেলোয়াড়েরা। স্টেডিয়ামের সামনে জিমনেশিয়াম চত্বরের লাগোয়া মাঠটিতে গত বছরের আগস্ট মাসে ঘাস লাগিয়ে খেলার উপযোগী করে তোলা হয়েছিল। গত ডিসেম্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হওয়ার পর এই এক চিলতে মাঠটিও খেলার অনুপযোগী হয়ে পড়েছে। মেলা ও অনুষ্ঠান আয়োজনের কারণে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠ ও লালদিঘীর মাঠে দীর্ঘদিন ধরে কোনো খেলা অনুষ্ঠিত হয় না।ফলে বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও শিশু-কিশোরেরা এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন ফুটপাত ও রাস্তায় অনুশীলন করছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সংস্কারকাজ চলছে। এ বছর অক্টোবর নভেম্বরের আগে এই মাঠে কোনো খেলা গড়াবে না। তাই এবার বিপিএল এর খেলা হবে এম এ আজিজ স্টেডিয়ামে। বিপিএলের পর বসবে প্রিমিয়ার ক্রিকেট লিগ। ফলে এ বছর আর এম এ আজিজ স্টেডিয়াম ব্যবহারের সুযোগ পাচ্ছেন না স্থানীয় খেলোয়াড়েরা। জহুর আহমেদ চৌধুরী মাঠের পাশে অবস্থিত মহিলা কমপ্লেক্স মাঠটিতে এখন চলছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এই মাঠটি বিপিএলের দলগুলোর অনুশীলনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফলে দীর্ঘ ক্রিকেট মৌসুমে অনুশীলনের জন্য মাঠ পাবেন না খেলোয়াড়েরা। এদিকে, গত ডিসেম্বরে বান্দরবানের কাছে হেরে বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেটের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে অনূর্ধ্ব-১৪ দল। দায়িত্বপ্রাপ্ত কোচ তপন দত্ত এমন বাজে পারফরমেন্সের কারণ হিসেবে অনুশীলনের জন্য মাঠ না পাওয়াকেই দায়ী করেছেন। বিসিবির প্রধান নির্বাচক আকরাম খান বলেন, চট্টগ্রামে অনেকগুলো ভালো একাডেমি আছে। কিন্তু মাঠ ও সুযোগ-সুবিধার ঘাটতির কারণে খেলোয়াড় উঠে আসছে না।এ বিষয়ে তার সঙ্গে একমত চট্টগ্রামের আরেক কৃতী সন্তান মিনহাজুল আবেদীন। তিনি বলেন, চট্টগ্রামে ক্রিকেট প্রতিভার কমতি নেই। কিন্তু মাঠ এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে অন্য অঞ্চলের তুলনায় কিছুটা পিছিয়ে চট্টগ্রাম।’সিজেকেএসের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ফুটবল সম্পাদক আল্লামা মোহাম্মদ ইকবাল বলেন, ‘সিজেকেএসের একমাত্র মাঠ এম এ আজিজ স্টেডিয়াম। ক্রিকেট, ফুটবল, হকি সব খেলাই এই এক মাঠে হয়। তাই ফুটবলের অনুশীলন বা বিভিন্ন প্রতিযোগিতার জন্য আলাদা একটি মাঠ প্রয়োজন। আউটার স্টেডিয়াম বা নগরের আশপাশে বড় কোনো মাঠ ফুটবল মাঠে রূপান্তর করার পরিকল্পনা আছে আমাদের।’সিজেকেএস সাধারণ সম্পাদক ও নব গঠিত বিসিবি অ্যাডহক কমিটির পরিচালক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমাদের আরেকটি মাঠ খুব দরকার। সে সঙ্গে আউটার স্টেডিয়ামকে আমরা কেবলই খেলাধুলার জন্য পেতে চাই।’ জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক সাহেদ আজগর চৌধুরী বলেন, ‘ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য আউটার স্টেডিয়ামে সব ধরনের মেলা, রাজনৈতিক জনসভা বন্ধ ঘোষণা করা উচিত।’