প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ইংরেজি শিক্ষার প্রয়োজন—শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে বর্তমান প্রজন্মকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। গত ২৪ এপ্রিল রোববার মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ইংলিশ কাউন্সিল আয়োজিত গ্রামার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। উপজেলাব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গ্রামার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও গবেষক ড. সামসুল আলম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ কুতুব, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, মিরসরাই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, অ্যাডভোকেট নির্মল চন্দ্র দেবনাথ, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইংলিশ কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক প্রিয় দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন হূদয় রঞ্জন দে।উল্লেখ্য, গত ৪ মার্চ মিরসরাই উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী গ্রামার প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্য থেকে ৫০ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় সর্বাধিক পুরস্কার অর্জন করে জেবি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।