প্রতিযোগিতার জন্য রচনা আহ্বান
ইয়ুথ অপরচুনিটিজ ও ভারতীয় হাইকমিশনের আয়োজনে 'তোমার কাছে স্বাধীনতা মানে কী?'—শীর্ষক রচনা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর একটি সেমিনারে ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী প্রতিযোগিতাটির উদ্বোধন করেন।
প্রতিযোগিতাটি বাংলাদেশের তরুণদের মতপ্রকাশের জন্য একটি চমৎকার সুযোগ বলে মনে করেন বিক্রম কে দোরাইস্বামী। তিনি বলেন, '১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের কারণে বাঙালিদের জন্য স্বাধীনতা শব্দটির শিকড় অনেক গভীরে। তাই আমি মনে করি, এই প্রতিযোগিতা বাংলাদেশি তরুণদের মতামত ও সৃজনশীলতা প্রকাশের অসাধারণ একটি প্ল্যাটফর্ম হবে।' চলমান মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের হাতে পর্যাপ্ত অবসর আছে বলে মনে করেন ইয়ুথ অপরচুনিটিজের সহপ্রতিষ্ঠাতা ওসামা বিন নুর। তাই তরুণদের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বাধীনতা সম্পর্কে তাঁদের ভাবনা তুলে ধরার আহ্বান জানান তিনি।
দেশে কিংবা বিদেশে অবস্থানরত ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব বাংলাদেশি তরুণের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত। বাংলা বা ইংরেজি যেকোনো একটি ভাষায় প্রবন্ধ লিখে পাঠানো যাবে। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০২১।
প্রতিযোগিতায় বিজয়ীদের প্রবন্ধসমূহ 'ভারত বিচিত্রা' ম্যাগাজিনে প্রকাশ হবে। এ ছাড়া ল্যাপটপ, স্মার্টফোন, বই, ক্রেস্টসহ বিজয়ীদের জন্য রয়েছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভিজিট করুন এই ঠিকানায়।