প্রতিযোগিতায় পেলাম প্রথম ডিএসএলআর ক্যামেরা

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকের জন্য আলোকিচত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ‘বাংলার মুখ’ শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৯৬ জন আলোকচিত্রী। বিচারকেরা সেরা ১০০টি ছবি বাছাই করেছেন। এখানে পুরস্কারপ্রাপ্ত দ্বিতীয় সেরা ছবির গল্প লিখেছেন বিজয়ী আলোকচিত্রী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় পুরস্কার পাওয়া ছবি ‘ভ্রমণ কাহিনি’
ছবি: বাঁধন মণ্ডল

মাস দুয়েক আগের কথা। পরীক্ষা শেষে তিন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম চাঁদপুর। এদিক-সেদিক ঘুরে তিন নদীর মোহনায় বসে ছিলাম আমরা। তখনই এক শিশুকে দেখি ‘বেলুন মাছ’ হাতে। মুঠোফোনে তার আনন্দময় মুহূর্ত ধারণ করার চেষ্টা করছিলাম। কিন্তু ওর সঙ্গে ছিল আরও অনেকে। তখন মনে হলো ছোটবেলার কথা। আমিও তো মায়ের সঙ্গে ঘুরতে যেতাম। শৈশবে ঘুরতে যাওয়ার সেই যে উচ্ছ্বাস, তা আমি ক্যামেরায় তুলে রাখতে চাইলাম। ঠিক জুতসই ফ্রেম পাচ্ছিলাম না। এর মধ্যেই পুরস্কার বিজয়ী এই ছবিটি তোলা।

আমি আলোকচিত্রী নই। শখের বশে মুঠোফোনে ছবি তুলি ২০১৬ সাল থেকে। সেটাও আয়োজন করে নয়। চলতি পথে কিছু একটা দেখে মনে হলো সুন্দর তো, তুলে ফেললাম। বন্ধুদের আড্ডায় আচমকা কোনো দৃশ্য দেখে মনে হলো, তুলে রাখা দরকার, তুলে ফেললাম। বলা যায়, স্রেফ নিজের আনন্দের জন্য।

প্রথম আলোর আলোকচিত্র প্রতিযোগিতার খবর পেয়ে আমি পাঁচটি ছবি পাঠিয়েছিলাম। বিচারকেরা সেরা ছবিটিই বেছে নিয়েছেন। দ্বিতীয় হিসেবে পুরস্কৃত করেছেন। এ তো আমার কাছে অকল্পনীয় ব্যাপার। মাঝেমধ্যে এমন অকল্পনীয় প্রাপ্তির জন্যই হয়তো আমাদের জীবনকে সুন্দর মনে হয়।

আমার পুরস্কার বিজয়ী ছবিটির শিরোনাম ছিল ‘ভ্রমণ কাহিনি’। ছবিটিতে মূলত তিনটি দিক ফুটে উঠেছে—নদীমাতৃক বাংলাদেশ, শৈশবে মা-বাবার সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দ ও প্রাকৃতিক সৌন্দর্য। তবে এসব ব্যাখ্যা একত্র করে নিশ্চয় ছবিটি তুলিনি!

বাঁধন মণ্ডল

তবে এখন পরিকল্পনা করেই ছবি তুলব। প্রথম আলোর প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি প্রথম ডিএসএলআর ক্যামেরা পেলাম। এখন আমার লক্ষ্য প্রকৃতির ছবি তোলা। সেটা শুরু করতে চাই আমার এলাকা থেকে। আমার গ্রামের বাড়ি জয়পুরহাটে। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছি। সপ্তম পর্বের পরীক্ষা চলছে বলে পুরস্কার হিসেবে ক্যামেরা হাতে পেয়েও ছবি তুলতে যেতে পারছি না। তবে অপেক্ষা আর কটা দিন!

অনুলিখিত