চট্টগ্রাম মহানগর কমিটিতে পদ না পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা জনগণের ওপর প্রতিশোধ নিয়েছেন। বুধবার রাতে তাঁদের প্রতিশোধের আগুনে চারটি মোটরসাইকেল পুড়েছে, ভেঙে চুরমার হয়েছে শতাধিক গাড়ি। টানা ৬০ ঘণ্টার আতঙ্কের হরতাল শেষে স্বাভাবিক গতিতে জীবনের চাকা যখন চলতে শুরু করেছে, রাজপথে যানবাহনের ভিড়, অফিস-আদালতে, বিপণিকেন্দ্রে মানুষের আনাগোনা—সব মিলিয়ে যখন নাগরিক কোলাহল তার স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছিল, তখনই ঘটল ছন্দপতন ।
চারদিকে মানুষের হুড়োহুড়ি, প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি, আগুন, এলোপাতাড়ি ভাঙচুর। কোনো প্রাকৃতিক দুর্যোগেও এতটা ক্ষতি নগরে হয় না, মানুষের ক্ষোভের আগুনে যত গাড়ি আগুনে পুড়ল আর ভাঙচুর হলো। মানুষের জানমালের ওপর কেন এই প্রতিশোধ? কেন্দ্রীয় নেতৃত্ব কমিটিতে তাঁদের স্থান দেয়নি বলে? কিন্তু মানুষের কী দোষ তাতে? মানুষ কী অপরাধ করেছে? রাজনীতির মূল লক্ষ্য যদি হয় দেশ ও মানুষের কল্যাণ, তবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যই বা কী? এখন সব রাজনৈতিক দলের মূল লক্ষ্য যেন মানুষ। যাদের সমর্থনে তাঁরা রাজনীতি করেন, যাদের ভোটে তাঁরা ক্ষমতায় যাবেন, যাদের ভাগ্যের ইতিবাচক পরিবর্তনের জন্য তাঁদের মাঠে থাকার কথা, সেই মানুষই তাঁদের প্রতিহিংসার প্রথম শিকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি রায়ের পর জামায়াতে ইসলামী যে তাণ্ডব চালিয়েছে, তার শিকার হয়েছে সাধারণ নিরীহ জনগণ, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের চলমান আন্দোলনের শিকারও হচ্ছে মানুষ। গত ৬০ ঘণ্টার হরতালে তারা কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। গাড়ি পুড়িয়ে দেওয়া যেন পরিণত হয়েছে স্বাভাবিক রীতিতে। সে যেকোনো গাড়িই হোক—রিকশা থেকে শুরু করে অটোরিকশা, বাস আর সরকারি গাড়ি হলে তো কথাই নেই, ব্যক্তিগত মোটরগাড়ির ওপর কেন যেন ক্ষোভটা একটু বেশি দেখা যায়। কখনো তাদের মাথায় আসে না, একটা রিকশা পুড়িয়ে ফেলার পর নিঃস্ব রিকশাওয়ালার জীবনে যে কী রকম বিপর্যয় নেমে আসে। আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞে মাতে, তারা যেন মনুষ্যত্বকেও জলাঞ্জলি দেয়। না হয় মরণাপন্ন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কীভাবে ভাঙচুর হয়। রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বিগত ৬০ ঘণ্টার হরতালে।
কদিন আগে ছাত্রদলের কমিটি ঘোষিত হওয়ার পরও পদবঞ্চিতরা এরকম তাণ্ডব চালিয়েছে। রাজনীতিবিদদের ক্ষোভ, আন্দোলন সংগ্রামে এখন একটিই যেন লক্ষ্যবস্তু—সাধারণ মানুষ ও মানুষের সম্পদ। আক্রমণের শিকার হচ্ছে শিশুরাও। কেউ ককটেলে চোখ হারাচ্ছে, কারও বা সারা শরীরে বিঁধছে স্প্লিন্টার।
রাজনীতিবিদেরা আজ যুদ্ধংদেহী। দুই বড় দলের শীর্ষ দুজন নেতাই যখন এমন মনোভাব পোষণ করেন, তখন নেতা-কর্মীরাও বা তা পরিহার করবেন কীভাবে। তাই আক্রমণ পাল্টা আক্রমণ ও প্রতিশোধের খেলা চলছে। হুংকারের জবাবে আসছে নতুন হুংকার। তবে এই আগুনের পুরো আঁঁচটাই লাগছে সাধারণ জনতার গায়ে।
দেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী তাঁদের সব সিদ্ধান্তই জনগণের কথা ভেবেই নেন, এমনটা বলে থাকেন। চলমান সহিংস রাজনীতিতে জনগণ যে আজ বলির পাঁঠা, সে বিষয়ে তাঁরা কী বলবেন? সরকারদলীয় নেতারা বিরোধী দলের ভাঙচুর ও জ্বালাও-পোড়াও রাজনীতির নিন্দা করে আসছেন বড় গলায়। ছাত্রলীগের এই বিবেচনাহীন, অগ্রহণযোগ্য আচরণের কি ব্যাখ্যা দেবেন তাঁরা?