প্রতিশ্রুতি পূরণ হয়নি
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারের একাধিক মন্ত্রী ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু দুর্ঘটনার এক বছরেও সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। নিহতদের পরিবারের বিভিন্ন সদস্য এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ অভিযোগ করেন। তাঁরা দ্রুত প্রতিশ্রুতির বাস্তবায়ন চেয়েছেন। নিহত রাজিব হোসেনের বাবা আনোয়ার পাশা, জাহেদুল ইসলামের বাবা আবু জাফর, এমরান হোসেনের বাবা আবুল কাশেমসহ অনেক অভিভাবক অভিযোগ করেন, দুর্ঘটনার পর মন্ত্রী আফছারুল আমীন ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকায় এসে পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এক বছর পার হতে চললেও তা বাস্তবায়িত হয়নি। মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী বলেন, ‘মন্ত্রী ও সোনালী ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আগ্রহীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে বলেছিল। সেই অনুযায়ী সংগ্রহ করা জীবনবৃত্তান্ত মায়ানী ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আছে।’ আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ধ্রুবনাথের মা সুপ্রীতি নাথের অভিযোগ, ‘মন্ত্রী দিলীপ বড়ুয়া একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জোরারগঞ্জ জেবি উচ্চবিদ্যালয়ে। নিজের জন্য একটি চাকরির আশায় আমার এইচএসসি পাসের সনদ নিয়ে দেখা করতে গিয়েছিলাম মন্ত্রীর কাছে। কিন্তু মন্ত্রী আমার কথা শোনেননি।’সুপ্রীতির অভিযোগ অস্বীকার করে শিল্পমন্ত্রী বলেন, ‘সুপ্রীতি অসত্য বলেছেন। আমি কাউকে চাকরির প্রতিশ্রুতি দিইনি। স্মৃতিফলক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা স্থাপিত হয়েছে। তিনি (সুপ্রীতি) হয়তো সবার সহানুভূতি পাওয়ার জন্য এ ধরনের কথা বলছেন।’প্রসঙ্গত, গত বছরের ১১ জুলাই মিরসরাই থেকে ফুটবল খেলা দেখে মিনিট্রাকে করে বাড়ি ফিরছিল আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৮০ জন। বড়তাকিয়া আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় চালকের গাফিলতিতে মিনিট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শিক্ষার্থীসহ ৩৯ জন মারা যায়। পরবর্তী সময়ে চট্টগ্রাম এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও পাঁচজন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে। মর্মান্তিক এ ঘটনায় কয়েক দিন ধরে মাতম চলে মিরসরাইয়ে।