১০ জুলাই ছিল ডিএমসি ডে মানে ঢাকা মেডিকেল কলেজ দিবস। এটি ছিল ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হলো দিনটি। এ দিনটির জন্য শিক্ষার্থীদের মধ্যে সারা বছর থাকে অপেক্ষা। কেননা নবীন-প্রবীণ সব ব্যাচের শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয় এ দিন। সকালবেলা শোভাযাত্রার জন্য কলেজ প্রাঙ্গণে এসে উপস্থিত হতে থাকে একে একে সব শিক্ষার্থী। তারপর আসে ঘোড়ার গাড়ি, পিকআপ, রিকশা, যেগুলোতে চড়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। শহীদ মিনারের পাশে অবস্থিত বহির্বিভাগ গেট থেকে শুরু হয় শোভাযাত্রা। সামনের অংশে একই রকম টি-শার্ট পরা বিরাট শিক্ষার্থীসমুদ্র আর পেছনে ঘোড়ার গাড়ি ও রিকশা। ভুভুজেলা, ঝুনঝুনি বাজিয়ে ‘ডিএমসি’ বলে স্লোগান দিতে দিতে এগিয়ে চলে মিছিল। ব্যান্ড পার্টির বাদ্যবাজনা চলতে থাকে। টিএসসি পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসে মিছিলটি কলেজ প্রাঙ্গণে, অডিটরিয়াম পর্যন্ত।এরই মধ্যে চলতে থাকে ফটোসেশন। অতঃপর সবাই মিলে অডিটরিয়ামে প্রবেশ ও আসনগ্রহণ।একে একে অতিথিরা বক্তব্য দেন। তারপর ছিল বৈজ্ঞানিক সেমিনার—ওবেসিটি, স্লিপ এপনিয়া ও মোবাইল রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব নিয়ে। তারপর কলেজ-জীবনের স্মৃতিচারণা করেন একেকজন সাবেক শিক্ষার্থী। সবশেষে ভূরিভোজ। কে-৬৩ ব্যাচের মোস্তাকিমান স্বরূপা বলেন, ‘ডিএমসি ডে দিনটি খুব ভালো লাগে। সাজগোজ করে আসেন সবাই। ফটো তোলা হয় সবার সঙ্গে। পুরোনো স্যার-ম্যাডামদের সঙ্গে ছবি তুলতে খুব ভালো লাগে।’ কে-৬২ ব্যাচের গৌরব বলেন, ‘খুব ভালো লাগে। অনুষ্ঠানগুলো হয় খুবই মজার। পুরোনো ক্যাম্পাসে পুরোনো ব্যাচমেট, শিক্ষক-শিক্ষিকা—সবার সঙ্গে দেখা হয় অনেক দিন পর। তাই সারা বছরই অপেক্ষায় থাকি এ দিনটির জন্য।’ বিকেল ছয়টা থেকে শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা মেডিকেল কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান। গান, নাচ, নাটক ও সবশেষে র্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষভাগে থাকে ব্যান্ডসংগীত। পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’। গানের সুরে সুরে ভাসতে ভাসতে এভাবেই শেষ হয় এবারের ঢাকা মেডিকেল দিবস উদ্যাপন।