এক, দুই, তিন, চার...। না, আর গুনে শেষ করা যাচ্ছে না। অবশেষে তথ্যকেন্দ্র থেকে জানা গেল, ১২৫টি বাস। আর এই বাসগুলোই বা অপেক্ষা করছে কাদের জন্য? ছয়-সাত হাজার দেশি-বিদেশি তরুণের জন্য। কোথায় যাবেন তাঁরা? সবাই উৎসুক কখন যাত্রা শুরু হবে। কখন পৌঁছাবেন আশুলিয়ায়। এবার নিশ্চয়ই সবাই বেশ কৌতূহলী হয়ে উঠেছেন, ব্যাপারটা কী? ঠিক এ রকমই এক আনন্দমুখর পরিবেশ ছিল ১০ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে। ১০ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আশুলিয়ার যেখানে নির্মিত হবে তাদের নিজস্ব ক্যাম্পাস। প্রতিবারের থেকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী তাই একেবারেই ভিন্ন। সাজে, ঢঙে একেবারে নতুন এক রূপ। আর যেন অপেক্ষা সয় না। সময় যেন আর কাটে না। ‘গাড়ি চলে না চলে না রে গাড়ি চলে না...’ গানের চিৎকারেই গাড়ি চলা শুরু করল। গাড়ি চলতেই সবার যেন আনন্দের বাঁধ গেল ভেঙে। যে যার মতো হারিয়ে গেছেন আনন্দের ভুবনে। রুমি, আরিফা, মৌ, বাসে উঠেই শুরু করেছেন নাটকের মহড়া। তাঁদের নাটক সবচেয়ে ভালো হওয়া চাই। ওঁরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। ওদিকে শিক্ষকেরা ব্যস্ত, বাসে যেন শিক্ষার্থীরা ‘ঠিক’ থাকেন। কিন্তু কে শোনে কার কথা। বাসই যেন ক্যাম্পাস হয়ে উঠল ওঁদের কাছে। শুভ, উর্মি গান গেয়ে চলেন। গান আর আড্ডা না থামলেও গাড়ি থামল গন্তব্যে। নিজস্ব ক্যাম্পাসে আসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আবার কারও কারও মন খারাপ। ‘এই ক্যাম্পাস যখন শেষ হবে, তখন তো আমরা থাকতে পারব না।’ বললেন বিবিএর শেষ বর্ষের ছাত্র রুমন। আশুলিয়ার মাঠেই ছিল বিশেষ আকর্ষণ। শুধু স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে তা নয়, মজার সব পিঠা, রম্য বিতর্ক, ফান ইভেন্ট—সব ধরনের আয়োজন ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের নতুন-পুরাতন সব শিক্ষার্থীকে একসাথে পাই। আর তাই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের এই আয়োজন। সব আয়োজন শেষ হতে না-হতেই বেলা গড়িয়ে গেল। এবার ফেরার পালা। তারুণ্য মানে যে উদ্দামতা আর স্বতঃস্ফূর্ততা তা বোঝা গেল বাসে উঠে। সারা দিন পরও তাঁরা গেয়ে উঠলেন, ‘এই পথ যদি না শেষ হয়...।’