চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রনির্দেশনা ও পরামর্শকেন্দ্র
প্রতিষ্ঠার দুই বছর পর নীতিমালা প্রণয়নের উদ্যোগ
প্রতিষ্ঠার প্রায় দুই বছর পর নীতিমালা প্রণয়ন করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনির্দেশনা ও পরামর্শকেন্দ্রের। চলতি (জুন) মাসেই এ নীতিমালা প্রণয়ন করা হতে পারে বলে জানা গেছে। এদিকে, দীর্ঘদিন ধরে নীতিমালা না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু এবং শিক্ষার্থীদের স্বার্থে কেন্দ্রটি যথাযথ ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ রয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, ২০০৯ সালের জুলাইতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রনির্দেশনা ও পরামর্শকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন উপাচার্য আবু ইউসুফ এ কেন্দ্র চালু করেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মো. তৌহিদ হোসেন চৌধুরীকে কেন্দ্রের পরিচালক নিয়োগ করা হয়। কলা অনুষদের নিচতলার একটি কক্ষকে কেন্দ্রের কার্যালয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ছাত্রনির্দেশনাকেন্দ্রের কোনো নীতিমালা ছিল না। এখন এ কেন্দ্রের জন্য একটি নীতিমালা প্রণয়ন করার প্রক্রিয়া শুরু করেছি। কেন্দ্র পরিচালককে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত নীতিমালা সংগ্রহের জন্য বলা হয়েছে।’সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটি ছাত্রসংঘর্ষ এড়াতে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করার ওপর গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি প্রতিটি আবাসিক হলের প্রাধ্যক্ষ, ছাত্রনির্দেশনা ও পরামর্শকেন্দ্রের পরিচালক এবং প্রক্টরিয়াল পরিষদের সদস্যদের সঙ্গে উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসন সূত্র জানায়, গত ১২ মার্চের এ রকম এক বৈঠকে কেন্দ্র পরিচালককে ছাত্রনির্দেশনা ও পরামর্শসংক্রান্ত নীতিমালা সংগ্রহ করতে বলা হয়। এসব নীতিমালা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে অনুরোধ জানানো হয়।এ প্রসঙ্গে কেন্দ্র পরিচালক তৌহিদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নীতিমালা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। চলতি মাসেই এ-সংক্রান্ত নীতিমালা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। প্রশাসন সূত্র আরও জানায়, সংঘর্ষ এড়াতে কেন্দ্রের পরিচালককে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কাউন্সেলিং করার জন্য দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়। তাঁদের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করতেও বলা হয়। সর্বশেষ গত ২ মে অনুষ্ঠিত বৈঠকেও তাঁকে এ ব্যাপারে তাগাদা দেওয়া হয়। কিন্তু এ নির্দেশনা এখনো বাস্তবায়িত হয়নি। আলোচনার জন্য ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের কোনো চিঠি দেওয়া হয়নি কিংবা তাঁদের সঙ্গে প্রশাসনের কেউ যোগাযোগও করেননি বলে জানা গেছে। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তছলিম উদ্দিন বলেন, ‘আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি।’ একই মন্তব্য করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ। তিনি বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত আলাপ-আলোচনা হলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।’