কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি ও শল্য চিকিৎসক নেই। এ জন্য প্রসূতিসেবা ও অস্ত্রোপচার বন্ধ রয়েছে। হাসপাতালটি প্রতিষ্ঠার ৩০ বছর ধরে এ অবস্থা চলছে। এলাকার সাড়ে তিন লাখ মানুষ তাই এসব জরুরি সেবা থেকে বঞ্চিত। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জরুরি কোনো প্রসূতি রোগী এলে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। তখন তাঁদের বাধ্য হয়ে আট কিলোমিটার সাগরপথ পাড়ি দিতে হয়। জানা গেছে, ১৯৮১ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর থেকে গাইনি বিশেষজ্ঞ ও শল্য চিকিৎসকের পদে কোনো নিয়োগ দেওয়া হয়নি। বন্ধ রয়েছে হাসপাতালের অস্ত্রোপচারের কার্যক্রম। দ্বীপে কোনো বেসরকারি ক্লিনিকও নেই। ফলে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের নারীরা প্রসূতিসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে তবে লোকবল বাড়ানো হয়নি। ২৮টি পদের মধ্যে আছেন ছয়জন চিকিৎসক। ১৪ জন সেবিকার মধ্যে আছেন তিনজন। হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুল হক স্বীকার করেছেন, প্রয়োজনীয় লোকবলের অভাবে প্রসূতিসেবা তাঁরা দিতে পারছেন না। তিনি বলেন, মাসে ১০-১৫ জন জরুরি প্রসূতি রোগী হাসপাতালে আসেন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আর সাধারণ প্রসূতি রোগী এলে তাঁদের সেবিকার মাধ্যমে প্রসব করানোর চেষ্টা করা হয়। গোরকঘাটার স্থানীয় বাসিন্দা কামাল হোসেন ও মনির আহমদ বলেন, এ হাসপাতালে এসে গ্রামগঞ্জের অবহেলিত নারীরা প্রসূতিসেবা পাচ্ছেন না। মহেশখালী হাসপাতালে জরুরিভিত্তিতে প্রসূতিসেবা চালু করতে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া জরুরি। স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত মানবাধিকার সংস্থা ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে গাইনি চিকিৎসক ও শল্য চিকিৎসক নেই। প্রসূতি রোগীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ হাসপাতালে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও সংলাপ করে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো কাজ হচ্ছে না। আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক বলেন, গত ৩০ বছরের মধ্যে তিনজন গাইনি চিকিৎসক এ হাসপাতালে নিয়োগ দেওয়া হলেও তাঁরা এক মাস যেতে না যেতেই তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘২৮ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ছয়জন। ফলে ছয়জন চিকিৎসক দিয়ে এত বড় হাসপাতাল চালাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ এলাকার যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় হাসপাতালে চিকিৎসকেরা বেশি দিন থাকতে চান না। আবার কাউকে এখানে চিকিৎসক হিসেবে বদলি করা হলে তাঁরা চলে যেতে তদবির করেন।’ ফলে যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়া পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসক-সংকট লেগেই থাকবে বলে তিনি মন্তব্য করেন।