প্রতিষ্ঠার সময় থেকেই স্থানীয় লোকজনের সঙ্গে ছাত্রদের সংঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় জোবরা গ্রামের লোকজনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময় তা সংঘাতে রূপ নেয়। এ সংঘাত বছরের পর বছর অব্যাহত থাকায় শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে পরস্পরের প্রতি ক্ষোভ ও অবিশ্বাস জন্ম নিয়েছে। অথচ নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় এ জোবরা গ্রাম থেকেই তাঁর গ্রামীণব্যাংকের কার্যক্রম শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, ১৯৬৫ সালে হাটহাজারীর জঙ্গলপট্টিতে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার জন্য চট্টগ্রাম-হাটহাজারী সড়কের এক নম্বর ও দুই নম্বর গেট দিয়ে ক্যাম্পাস পর্যন্ত দুইটি সড়ক তৈরি করা হয়। প্রশস্ত এ দুই সড়ক তৈরির সময় হাটহাজারী, জোবরা ও ফতেপুর এলাকার অনেকের আবাদি জমি চিরতরে হারিয়ে যায়। এজন্য স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি বরাবরই বৈরী ছিলেন। তাঁদের অনেকে বিষয়টি লালন করে আসছেন। পাশাপাশি দেখা যায়, জোবরা গ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সত্ত্বেও স্থানীয় লোকজন তাঁদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য তেমন আগ্রহ দেখাননি। তারা পূর্বপুরুষের চাষাবাদ, ব্যবসা ও বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাশে অবস্থিত পাহাড়ে জুমচাষ করেই জীবনযাপনে এখনো অভ্যস্ত।তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘জমি হারানোর ব্যথা অনুভব করতেন যে প্রজন্ম তাঁদের অনেকে ইতিমধ্যে ইহকাল ত্যাগ করেছেন। ফলে নতুন প্রজন্মের মধ্যে সেই কষ্ট তেমন নেই। তাঁরা এখন বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবীদের পাশাপাশি থেকে নতুন ও উন্নত পেশায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন।’ জানা যায়, আশির দশকে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল দখল করার পর বিভিন্ন সময় স্থানীয় জোবরা গ্রামের লোকজনের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়। এ সংঘাত স্থায়ী হয় প্রায় এক দশক। এ সময় অনেক শিবিরকর্মীর হাতে আহত হন জোবরা গ্রামের একাধিক রিকশাওয়ালা। তখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য গ্রামবাসী ছাত্রলীগের সঙ্গে হাত মেলান। এরপর ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ হলেই রিকশাওয়ালারা শিবিরের ওপর হামলা চালাতেন। পরবর্তীকালে ছাত্রশিবির তাদের কৌশল পরিবর্তন করে। তারা জোবরা গ্রামের লোকজনকে কাছে টানতে সেখানে অর্থ বিনিয়োগ করে। শিবিরের তত্ত্বাবধানে রিকশাওয়ালাদের আলাদা সংগঠন গড়ে তোলা হয়। শিবিরের পৃষ্ঠপোষকতা পাওয়া রিকশামালিকেরা শিবিরের পক্ষে অবস্থান নেয়। তা ছাড়া অনেক শিবির নেতা এলাকায় গৃহশিক্ষক থেকে এলাকার মেয়েদের বিয়ে করেন। এসব কৌশলের কারণে তারা কিছু সুবিধাও পান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহিংস ঘটনার পর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট এলাকা অবরোধ করলে শিবির নিরাপদেই জোবরা গ্রাম দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। জোবরা গ্রামের বাসিন্দা ও রিকশাশ্রমিক নেতা মো. ইউসুফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এলাকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। আমরা মিলেমিশে থাকতে পারলে পরবর্তী প্রজন্ম লাভবান হবে।’এদিকে, এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগের সঙ্গে গ্রামবাসীর সম্পর্কের আবার অবনতি ঘটে। জানা যায়, পয়লা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এক রিকশাওয়ালা তাঁর স্ত্রীকে নিয়ে মেলায় এলে কয়েকজন ছাত্রলীগ নামধারী ওই দম্পতির উদ্দেশে কটূক্তি করে। রিকশাওয়ালা প্রতিবাদ করলে তাঁকে ছাত্ররা প্রহার করে। দিনগত রাতে রেলস্টেশনে তিনজন লুঙ্গি পরা লোক ছাত্রলীগকর্মী আসাদুজ্জামানের ওপর হামলা চালালে পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ধারণা করা হয়, রিকশাওয়ালাকে মারধরের প্রতিক্রিয়া হিসেবে আসাদুজ্জামানের ওপর হামলা চালানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি দারোয়ানের চাকরি করলেও মাসে ছয়-সাত হাজার টাকা বেতন পাওয়া যায়। কিন্তু তাতে তেমন আগ্রহ নেই স্থানীয় গ্রামবাসীর। তাঁরা তিন-চার কিলোমিটার দূর থেকে কাঠ কেটে এনে বিক্রি করতেই বেশি অভ্যস্ত। কাজেই আমাদের ছাত্রদের উচিত তাঁদের সঙ্গে বেশি সময় দেওয়া এবং তাঁদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার চেষ্টা করা।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের গ্রামের মানুষের সঙ্গে মিলেমিশে থাকলে উভয়েরই লাভ। গ্রামের লোকজন কখনো আমাদের কাছে কোনো অতিরিক্ত দাবি নিয়ে আসেন না। তাঁরা চাকরির দাবিও করেন না, যদিও সেই অধিকার তাঁদের আছে। তাঁরা ক্যাম্পাসে ঘোরাফেরা করলে নতুন করে স্বপ্ন দেখতে শিখবেন। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও উচিত হবে তাঁদের প্রতি সহনশীল হওয়া। গ্রামবাসীর বিরুদ্ধে কোনো খারাপ মনোভাব পোষণ করলে তাঁদের মধ্যেও আঞ্চলিকতা সৃষ্টি হতে পারে।’