প্রতীক ছাড়াই প্রচারণায় নারী কাউন্সিলর প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার সোনামিয়া সওদাগরবাড়ি এলাকায় গণসংযোগ করছেন নারী কাউন্সিলর প্রার্থী জেসমিন আক্তার l প্রথম আলো
পটিয়ার সোনামিয়া সওদাগরবাড়ি এলাকায় গণসংযোগ করছেন নারী কাউন্সিলর প্রার্থী জেসমিন আক্তার l প্রথম আলো

পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে ১৪ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের আগেই পটিয়ায় প্রচারণায় নেমে পড়েছেন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাঁরা। সব প্রার্থীই নারী অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ ও স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
পটিয়া নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে তিনজন বর্তমান কাউন্সিলর ও সাতজন নতুন মুখ। প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে বুলবুল আকতার (বর্তমান কাউন্সিলর) ও শিরিন আকতার চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডে জ্যোৎস্না আরা বেগম (বর্তমান কাউন্সিলর), জেসমিন আকতার, জয়নাব বেগম, ইয়াছমিন আকতার ও শাহেনা রহমান এবং ৩ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম (বর্তমান কাউন্সিলর), ফারহানা ইয়াছমিন ও নুর নাহার বেগম।
কথা হয় ৩ নম্বর ওয়ার্ডের তিনবার নির্বাচিত কাউন্সিলর ফেরদৌস বেগমের সঙ্গে। তিনি এবারও প্রার্থী হয়েছেন। ফেরদৌস বেগম বলেন, ‘আমি জনগণের পাশে থেকে নারীদের অধিকার রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অতীতেও কাজ করেছি। ভবিষ্যতে সেভাবে কাজ করতে চাই।’
২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে এবার প্রথম নির্বাচন করছেন জেসমিন আকতার। তিনি নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছেন। তিনি বলেন, ‘চার বছর ধরে পটিয়া নারী জাগরণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নির্যাতিত নারীদের অধিকার আদায়ের সংগ্রামে আছি। তা ছাড়া নারীদের স্বাবলম্বী করতে নানা কাজ যাচ্ছি। গত বছর এলাকায় নিজেই তুলি হস্তশিল্প নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এতে এলাকার বেকার নারীদের বিনা মূল্যে সেলাই, ব্যাগ তৈরিসহ নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
পটিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হামিদুর রহমানের পুত্রবধূ ইয়াছমিন আকতারও একই ওয়ার্ড থেকে এবার প্রথম নির্বাচন করছেন। তিনি বলেন, ‘উন্নয়নমূলক কাজে নিজেকে সব সময় িনয়োজিত রাখতে চাই।’
১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বুলবুল আকতার বলেন, ‘এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করি জনগণ তার মূল্যায়ন করবেন।’