প্রতীক নিয়ে বিভ্রান্তি বাতিল ৪৭ হাজার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবারে ভোট তো দিছি। মার্কা ত বঅরা। কুংগাতে কী দিছি কইতা হারি না।’ গত বুধবার মিরসরাই উপজেলা নির্বাচনে করেরহাট উচ্চবিদ্যালয়কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পথে এভাবে প্রতীক নিয়ে বিভ্রান্তির কথা জানান শাহেদা বেগম। তাঁর কথার অর্থ—প্রতীক বেশি থাকায় কাকে ভোট দিয়েছেন তা জানেন না।
শাহেদা বেগমের মতো এমন বিভ্রান্তিতে পড়েছেন উপজেলার হাজারো ভোটার। আর এ বিভ্রান্তির চিত্র ফুটে উঠেছে ফলাফল ঘোষণার পর। ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের (পুরুষ ও মহিলা) তিনটি পদে প্রদত্ত ভোটের প্রায় ১২ শতাংশই বাতিল হয়েছে। উপজেলা চেয়ারম্যানসহ প্রতিটি পদে তিনজন প্রার্থী থাকলেও প্রতিটি ব্যালট পেপারে প্রতীক ছিল ১০টি। ফলে প্রার্থী না থাকার পরও ওই সব প্রতীকে দেওয়া ভোট বাতিল করা হয় বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন।
ফলাফলে দেখা যায়, নির্বাচনে তিনটি পদে মোট ৪৭ হাজার ২২৯টি ভোট বাতিল হয়েছে। সবচেয়ে বেশি ভোট বাতিল হয়েছে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে। এই পদে প্রার্থী ছিলেন তিনজন। বাতিল ভোট ছিল ২০ হাজার ৯২৪টি, যা মোট প্রাপ্ত ভোটের ১৬ ভাগ। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বাতিল হয় প্রায় ১৫ ভাগ বা ১৯ হাজার ২৭৯ ভোট। সবচেয়ে কম ভোট বাতিল হয় চেয়ারম্যান পদে, সাত হাজার ২৬টি। এর মধ্যে শুধু কয়েকটি কেন্দ্রে শ-খানেক জব্দ করা জাল ভোট রয়েছে।
সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা জানান, কীভাবে ভোট দেওয়া হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা কিংবা প্রচারণা না থাকায় অসচেতন ভোটাররা সিল মারতে ভুল করেছেন। প্রার্থী না থাকার পরও প্রতিটি ব্যালট পেপারে সাতটি করে বাড়তি প্রতীক থাকায় বিভ্রান্ত হয়েছেন ভোটাররা। আবার একাধিক প্রতীক দেখতে কাছাকাছি রকম হওয়ায়ও বিভ্রান্ত হয়েছেন অনেকে।
আবু তোরাব উচ্চবিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ভোট গণনার সময় দেখা গেছে, যেসব প্রতীকের কোনো প্রার্থী ছিল না সেগুলোতেও ভোট দিয়েছেন ভোটাররা। আবার একই ভাইস চেয়ারম্যান পদের ব্যালট পেপারে দুটি প্রতীকে সিল দিয়েছেন অনেকে। আবার অনেক ব্যালট পেপার ছিল খালি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অবৈধ হিসেবে বাতিল হওয়া ভোটগুলো বৈধ হলেও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফলাফলে কোনো পরিবর্তন আসত না। তবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ভোটের ব্যবধান বাতিল হওয়া ভোটের চেয়ে কম হওয়ায় এই পদের ফলাফলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল।
বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে এনেছেন ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী যতজন প্রার্থী থাকবেন ততটি প্রতীক থাকার কথা ব্যালট পেপারে। অথচ প্রার্থী না থাকলেও ভাইস চেয়ারম্যান পদে বাড়তি সাতটি প্রতীক ছিল। টাইপরাইটার প্রতীকে কোনো প্রার্থী না থাকলেও প্রতীকটি দেখতে বইয়ের মতো হওয়ায় অনেকে বিভ্রান্ত হয়ে বইয়ের বদলে টাইপরাইটার প্রতীকে ভোট দিয়েছেন।
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে এক প্রার্থী জানিয়েছেন। আমি তাঁকে বলেছি, ব্যালট পেপার নির্বাচন কমিশন সরবরাহ করেছে। এখানে কার্যত আমার কিছু করার নেই।’