প্রতীক পেয়েই ভোটারের দুয়ারে প্রার্থী
রাউজান পৌরসভা নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারণায় নেমে পড়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩ জানুয়ারি প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীরা এলাকায় গণসংযোগে নেমে গেছেন। রিকশা-অটোরিকশায় মাইক লাগিয়ে গ্রামের অলিগলি ঘুরে নিজ প্রতীকে ভোট চাইছেন প্রার্থীরা। কেউ কেউ দ্রুত পোস্টার ছাপিয়ে টানিয়েও দিয়েছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের সময় আনারস পাওয়ার দাবিতে অনড় ছিলেন তিন মেয়র প্রার্থী। পরে লটারি করা হয়। লটারিতে প্রতীকটি পান শফিকুল ইসলাম চৌধুরী। অপর মেয়র প্রার্থী দেবাশীষ পালিত পেয়েছেন তালা। তিনি তাৎক্ষণিক একটি প্ল্যাকার্ডে তালা এঁকে উপজেলা চত্বর ও ফকিরহাট এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন। বিএনপির একমাত্র প্রার্থী আবদুল্লাহ আল হাসান পেয়েছেন জাহাজ। প্রতীক নিয়ে তিনি নিজ এলাকা গহিরায় মতবিনিময় সভা করেছেন। অন্য মেয়র প্রার্থীদের মধ্যে আনোয়ারুল ইসলাম টেলিভিশন, আবু বকর ছিদ্দিকী দেয়ালঘড়ি ও মোহাম্মদ মুছা দোয়াত-কলম পেয়েছেন। তাঁরাও প্রচারণায় নেমে গেছেন।