প্রতীক বরাদ্দেও পুরুষতান্ত্রিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী মাসুমা খাতুনের প্রতীক শিল-পাটা। এবারই প্রথম নির্বাচনে অংশ নেওয়া মাসুমা খাতুন বলেন, ‘শিল-পাটা, ভ্যানিটি ব্যাগ—এসব প্রতীক দেখলে লজ্জা লাগে। একসময় আমাদের নামই হবে মুলা আপা, ভ্যানিটি ব্যাগ আপা। আমরা ঘর থেকে বের হওয়ার জন্য সংগ্রাম করছি আর প্রতীকের মাধ্যমে আবার আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছে। প্রতীক দেখে মনে হয়, তোমরা আসো বলে দাওয়াত দিয়েছে, কিন্তু বাসায় গিয়ে দেখি তালা মেরে দিয়েছে।’
মাসুমা খাতুন বলেন, ‘আপা, আপনিই বলুন, আমি শিল-পাটা নিয়ে কেমনে প্রচারে যাব? শুধু মুখে প্রতীকের নাম বলি তাতেই একেকজনের হাসি থামানো যায় না, শিল-পাটা নিয়ে মাঠে নামলে তো আর কোনো কথাই নেই।’
শুধু মাসুমা খাতুন নন, সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর প্রার্থীদের অনেকেই প্রতীক নিয়ে বিব্রত। তবে নির্বাচন কমিশন বলছে, নারীদের হেয় করার জন্য সচেতনভাবে কমিশন প্রতীক বরাদ্দ করেনি। বিষয়টি কাকতালীয় মাত্র।
তবে প্রার্থীরা কমিশনের বক্তব্য মানতে নারাজ। তাঁরা বলছেন, নির্বাচন কমিশন মেয়র পদপ্রার্থী, সাধারণ আসন এবং সংরক্ষিত আসনের ক্ষেত্রে প্রতীক বরাদ্দে বৈষম্যমূলক আচরণ করেছে। নারী সংগঠনের প্রতিনিধিরাও বলছেন, নির্বাচন কমিশন পুরুষতান্ত্রিক মনোভাব থেকে সংরক্ষিত আসনের প্রতীক বরাদ্দ করেছে, যা খুবই আপত্তিজনক। নারী প্রার্থীদের অনেকেই বলছেন, তাঁরা এবার প্রতীক নিয়ে প্রতিবাদ করেছিলেন, লাভ হয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের প্রতীক তাঁরা আর দেখতে চান না।
প্রতীক যা-ই হোক, নির্বাচন করতে হবে। তাই অলিগলিতে মাইকে প্রার্থীদের পক্ষে আহ্বান—‘মা-খালাদের বলে যাই, মুলা মার্কায় ভোট চাই।’ শুধু মুলা, শিল-পাটা বা ভ্যানিটি ব্যাগ নয়, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের এবার কেটলি, গ্লাস, মোড়া, পিঞ্জর, টিস্যু বক্স, পানপাতা, স্টিলের আলমারি, বয়াম, প্রেশার কুকার, হারমোনিয়াম, দোলনা, ঝুমঝুমি, ও টিয়ে পাখি প্রতীকে মাইকে বা নিজে গিয়ে ভোট চাইতে হচ্ছে।
বিভিন্ন পদের পুরুষ প্রার্থীরা ইলিশ মাছ, টেবিল ঘড়ি, কমলা লেবু, ঘুড়িসহ বিভিন্ন প্রতীক (কৃত্রিমভাবে বানানো) নিয়ে প্রচারণায় নামলেও নারী প্রার্থীদের একমাত্র ভরসা পোস্টার, লিফলেট ও রিকশা ভাড়া করা মাইক। হঠাৎ দু-একজন সাহস করে বড় কেটলি বা অন্য কোনো প্রতীক বানিয়ে তা নিয়ে প্রচারণায় নেমেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের প্রার্থী শম্পা বসু কেটলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতীক বরাদ্দের দিনই নারীদের জন্য বরাদ্দ প্রতীক নিয়ে প্রতিবাদ জানান। এরপর নির্বাচন কমিশন রাজধানীর ফার্মগেটে কেআইবি কমপ্লেক্সে যেদিন দক্ষিণের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে, সেদিনও নারী প্রার্থীরা প্রতিবাদ জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক শম্পা বসু প্রথম আলোকে বলেন, ‘প্রতীক বরাদ্দের দিন সংরক্ষিত আসনের ১০টি প্রতীক থেকে পছন্দ বা বেছে নেওয়ার সুযোগ ছিল। তবে আমি কোনটি পছন্দ করব? শিল-পাটা, পিঞ্জর, টিস্যু বক্স—এসব কী কোনো প্রতীক হলো? সবকিছু বিবেচনা করে কেটলিটাই নিই।’
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে লিখিতভাবে প্রতীক নিয়ে এ ধরনের বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১৩ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মহিলা পরিষদ বলেছে, যুগ যুগ ধরে চলে আসা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতেই সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের এমন প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সমাজে নারীর প্রতি বৈষম্য বা নেতিবাচক মনমানসিকতার প্রতিফলন ঘটেছে সংরক্ষিত আসনের প্রতীক বরাদ্দের ক্ষেত্রে। নারীরা এগিয়ে যাচ্ছেন, সে ক্ষেত্রে তো বাস, অ্যারোপ্লেন বা গতিময় কোনো প্রতীক দেওয়া যেতে পারত। কিন্তু ‘নারী নারী’ ভাব বজায় রাখার জন্য প্রতীক দেওয়া হয়েছে ভ্যানিটি ব্যাগ, শিল-পাটাসহ এ ধরনের জিনিস। এ ধরনের প্রতীক বরাদ্দের বিষয়টি খুবই অদ্ভুত। নির্বাচন কমিশনের এ ধরনের মনমানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।
প্রার্থীদের সচেতনতা জরুরি: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী নুর জাহান মনি এবার গ্লাস মার্কায় নির্বাচন করছেন। তিনি বলেন, ‘এইটা একটা মার্কা হইল? দেশে কত ফুল, পাখি আছে, তা না দিয়া দিছে এই সব। ফার্মগেটে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনারের সামনে চিল্লাপাল্লা করছি। তাঁর সামনেই বলছি, এইবার যা হইছে তা মাইন্যা নিলাম। কিন্তু ভবিষ্যতে এই সব মার্কা আর দেখতে চাই না।’
চট্টগ্রাম সিটি করপোরেশনে তিনবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা এবং এবারের প্রার্থী জোবাইরা নার্গিস খান প্রতীক পেয়েছেন স্টিলের আলমারি। তিনি প্রতীকটিকে ঠিক সেভাবে গ্রহণ করতে পারেননি, আবার প্রতিবাদও করেননি। তাঁর মতে, ‘অবশ্যই প্রতিবাদ জানানো উচিত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান তানিয়া হক বলেন, যিনি প্রার্থী হবেন, তাঁকেই জোরালো প্রতিবাদ জানাতে হবে। তবে নারী প্রার্থীদের অনেকেই ভাবেন ‘আমি প্রার্থী হতে পেরেছি, এ—ই অনেক’, মার্কা বা প্রতীক নিয়ে চিন্তা করার কিছু নাই। তাই নারী প্রার্থীদের সচেতনতাটাও জরুরি।
নির্বাচন কমিশনের বক্তব্য: সংরক্ষিত আসনের প্রতীক নিয়ে নির্বাচন কমিশন বলছে, প্রতীক বরাদ্দের সময় সচেতনভাবে কোনো বৈষম্য করা হয়নি।
নির্বাচন কমিশন সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এবার সংরক্ষিত আসনের প্রতীক নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা আছেন। কমিশন নারীদের হেয় করার জন্য বা সুপরিকল্পিতভাবে এই ধরনের প্রতীক বরাদ্দ করেছে, তা নয়। বিষয়টি কাকতালীয় মাত্র।
নির্বাচন কমিশনের সংশিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথমে ১৪০টি প্রতীক বরাদ্দ ছিল। পরে ৬৫টি প্রতীক রাখা হয়। এর মধ্যে ৪০টি প্রতীক বিভিন্ন রাজনৈতিক দলের জন্য বরাদ্দ। ৭৫টি প্রতীক সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নির্বাচনের জন্য বরাদ্দ করা হয়। খেয়াল রাখা হয়, এক নির্বাচনের প্রতীক যাতে অন্য নির্বাচনে বরাদ্দ দেওয়া না হয়।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষিত আসনের প্রতীক বরাদ্দে যেসব অভিযোগ কমিশনের বিরুদ্ধে এসেছে, তা ঠিক নয়। কমিশন তা ইচ্ছা করে করেনি। আর এটি কখনোই পরিবর্তন করা যাবে না, তা নয়।’
এবারের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকী নির্বাচিত হলে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, যেকোনো নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে নির্বাচন বিশেষজ্ঞ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেই নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ দেওয়া উচিত। প্রতীক যাতে নেতিবাচক অর্থ বহন না করে, সেদিকেও লক্ষ রাখতে হবে।
অন্যান্য প্রতীক: মেয়র পদপ্রার্থীদের প্রতীকের মধ্যে আছে টেবিল ঘড়ি, হাতি, ক্রিকেট ব্যাট, ইলিশ মাছ, লাউ, বাস, ময়ূর, চরকা, ইগল, ফ্লাস্ক, ডিশঅ্যান্টেনা, টেবিল, টেলিস্কোপ, চিতাবাঘ, কমলালেবু ও দেশলাই।
আর সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের প্রতীকের মধ্যে আছে রেডিও, এয়ারকন্ডিশনার, লাটিম, ট্রাক্টর, ঘুড়ি, ঝুড়ি, মিষ্টিকুমড়া, ঠেলাগাড়ি, টিফিন ক্যারিয়ার, করাত, কাঁটাচামচ, ব্যাডমিন্টন র্যাকেট।