প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে জমজমাট প্রচারণা শুরু হয়ে গেছে। আজ বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ ছাড়া প্রতীক বরাদ্দ হবে আগামীকাল ২০ মে। তবে তার আগে প্রার্থীরা বিভিন্নভাবে প্রচারণায় নেমে পড়েছেন।
বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় করছেন তাঁদের সঙ্গে। তবে, প্রচারণায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহীদের তুলনায় পিছিয়ে আছেন বিএনপির প্রার্থীরা।
উপজেলার বৈরাগ ইউনিয়নে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নোয়াব আলী এবং দলটির বিদ্রোহী প্রার্থী মো. সোলায়মান সমানতালে প্রচারণা চালাচ্ছেন। দুজনই প্রতিদিন বিভিন্নভাবে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। একই চিত্র দেখা গেছে বারশত, বটতলী ও বরুমচড়া ইউনিয়নে।
১৭ মে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আলমগীর চৌধুরীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘নৌকা প্রতীক আমার আবেগের জায়গা। তবে প্রতীক না পেলেও নির্বাচন করব।’ এর আগের দিন বারখাইনের বাদামতল এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আখতারুন্নবী চৌধুরী। আগাম প্রচারণা সম্পর্কে বারশত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাইয়ুম শাহ বলেন, ‘তফসিল ঘোষণার পর কয়েকটি উঠান বৈঠকে আমি অংশ নিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে ঘরোয়া বৈঠকে আলোচনা সভা, মতবিনিময়, গণসংযোগ ও পোস্টার ছাপানো আচরণবিধির লঙ্ঘন। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে প্রার্থীদের পোস্টার তুলে ফেলা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।’