চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—
ঘোড়া

অধিকাংশ ক্ষেত্রে সৌরশক্তির প্রতীক হিসেবে দেখানো হয় ঘোড়াকে। রঙের ভিত্তিতে ঘোড়া অনেক সময় বিধ্বংসী, কখনো বা বিজয়ের লক্ষণ। আবেগপ্রবৃত্ততা, কামনা-বাসনা চরিতার্থ করার উগ্রতারও প্রকাশ ঘটায় ঘোড়া। পৃথিবী, বিশেষ করে সূর্য, চাঁদ ও পানির সঙ্গেও ঘোড়ার তুলনা করা হয়েছে কোথাও কোথাও। পৃথিবী ও স্বর্গের মধ্যস্থতাকারী হিসেবেও উঠে এসেছে নানা চিত্রকলা ও সাহিত্যে। অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া সেন্টর হিসেবে পরিচিত। বলা হয়, সেন্টর হলো বাতাসের প্রভু। কল্পিত এই প্রাণীর ঐশ্বরিক ক্ষমতা প্রবল। তাই এর মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ। ঘোড়ার মধ্য দিয়ে মানুষের নানা দোষ-গুণের প্রকাশ করা হয়। তার মধ্যে বিশ্বস্ততা, সংবেদনশীলতা, শক্তিমত্তা, স্বার্থপরতা, রাগ, একগুঁয়েমি, বোকামি এবং দেমাগি বৈশিষ্ট্যগুলো অন্যতম। গ্রিক সংস্কৃতিতে সাদা ঘোড়া হলো মৃত্যুর অশুভ সংকেত, কখনো তা নিষ্পাপ ও দেবত্বের প্রকাশ। কালো ঘোড়া হলো নারীর প্রতীক। লাল ঘোড়া দিয়ে বোঝানো হয় যুদ্ধ। ধূসর ঘোড়া মানে শয়তান। দুটি ঘোড়া হলো মেধার প্রতীক। ডানাওয়ালা ঘোড়ার সঙ্গে আছে কাব্যের সম্পর্ক।
বাড়ি

শহর, ধর্মীয় উপাসনালয়, রাজপ্রাসাদ এবং পর্বতের মতো বাড়িও হলো পৃথিবীর কেন্দ্রের প্রতীক। বিশ্বব্রহ্মাণ্ডের প্রতীক বাড়িকে বিবেচনা করা হয় অতি পবিত্র জায়গা হিসেবে। সভ্যতার বিকাশের সূতিকাগার হিসেবেও পরিচিত। জাঙ্গিয়ান মনোবিজ্ঞানে বলা হয়, বাড়ির ভেতরে তা-ই ঘটে, যা ঘটে আমাদের ভেতরে। ফ্রয়েডিয়ান মনোবিজ্ঞান বলে, বাড়ি হলো নারীর মতো। ঘরবাড়ির সঙ্গে আশ্রয় ও নিরাপত্তা শব্দ দুটি যুক্ত ওতপ্রোতভাবে। বাড়ির ছাদকে দেখা হয় স্বর্গের ছাদ হিসেবে। জানালা হলো দেবত্ব। আর ঘরের দেয়াল হলো পৃথিবী।
l ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে মাহফুজরহমান