প্রতীকের নিজস্ব ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার প্রতীক
সরকার প্রতীক

সময়টা ২০০৯-এর দিকে। হঠাৎ করেই পাঠশালায় শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে হয় আমাকে। সেখানেই আমার প্রথম ব্যাচের ছাত্র রাসেল, আসিফ, মাওয়া, মুনির, প্রতীকসহ আরও অনেকে। পাঠশালায় তৃতীয় বর্ষে ওঠার আগপর্যন্ত সরকার প্রতীক ফটোগ্রাফি করবে কি না, অনিশ্চিত ছিল। ক্যারিয়ার না ফটোগ্রাফি। পাঠশালার দ্বিতীয় বর্ষের শেষ অ্যাসাইনমেন্ট, প্রতীক ঢাকার রাতের ছবি তোলা শুরু করে। লাইন, ফরম আর রাতের নির্জনতা, একের পর এক ছবি তুলে যায় প্রতীক।
এ কাজটা করার সময় হয়তো ভেতরে কিছু একটা ঘটে যায়, একটা উল্লম্ফন! কেউ না দেখতে পেলেও, ওর ছবির ভেতরে আমি সেই উন্মাদনা দেখতে পেয়েছিলাম। এ কাজটাই ওর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখনো প্রতীক ছাত্র। এর মাঝে ও আরেকটি নতুন কাজ শুরু করে; জন আর প্রভার ছবি। প্রতীকের দেখার চোখ ও ছবির গঠন আরও পরিণত হয়। চার রুমের দেয়াল, দুজন বুড়োবুড়ি, তেমন কিছু ঘটে না। প্রতীক এই না-ঘটার মুহূর্তগুলো তুলতে লাগলেন।

প্রভার সাদা-কালো চুল, শীতের সকালের আলো, জনের বাঁকানো শার্ট, দেয়ালে পুরোনো ছবি, খোলস ছাড়ানো কমলা, দুটি মানুষের শারীরিক উপস্থিতি।
প্রতীকের কাজের বিশেষত্ব হলো স্পেসের ব্যবহার। মগবাজারের পুরোনো বাড়ি থেকে পদ্মা নদী পর্যন্ত। ছবিতে মানুষগুলো স্থির। সময়টা যেন থমকে গেছে, নিস্তব্ধ। বাংলাদেশের ফটোগ্রাফির একটি মূল ঘরানা থেকে প্রতীক সরে আসে। ব্যক্তিগত জীবন, বর্ণহীন রং, শহুরে স্থাপত্য, থেমে যাওয়া সময়, ফরমাল কম্পোজিশন ঘিরে প্রতীকের ছবি বেড়ে ওঠে। কোনো কিছু বাড়তি নেই। ছবিগুলো অদ্ভুত রকমের প্রশান্তি ছুঁয়ে যায়।
প্রতীকের ছবি ভয়াবহ রকম স্থির। এর ভেতরে প্রাণ আছে, অনেকটা নদীর প্রবহমান স্রোতের মতো, শীতল কিন্তু তীক্ষ্ণ।
আজকাল সবাই ফটোগ্রাফার। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে লাখো ছবির ঢল, মাঝেমধ্যে ফটোশপের কারসাজি আর ছবির বিষয় দেখলে চোখ ব্যথা করে। ফটোগ্রাফি দেখার, বোঝার মাত্রা পাল্টে গেছে। এখন আর কেউ দেখে না, সবাই কেবল ক্লিক করে। ছবি হয় ইনস্টাগ্রামের ফিল্টারে। কিন্তু এই লাখো ছবির মাঝে প্রতীকের ছবি দেখলে চেনা যায়। এর গন্ধ, গলার স্বর যেন অন্য রকম। লেন্স, ক্যামেরা আসলে উপলক্ষ মাত্র। ছবিটা হয় মগজে। কিন্তু খুব কম ফটোগ্রাফারেরই নিজের একটা স্বর বা ভাষা থাকে। প্রতীক খুব সাবলীলভাবে নিজ ভাষাতে একের পর এক গল্প বলে যাচ্ছে।
প্রতীক পেয়েছে অনেক আন্তর্জাতিক পুরস্কার আর স্বীকৃতি। প্যারিসের ফটো কোয়াই বিয়েনাল, নেদারল্যান্ডসের নুরডিলাইট ফেস্টিভ্যালের মতো গুরুত্বপূর্ণ আসরে হয়েছে তার প্রদর্শনী।
প্রতীকের ২০১৫-তে ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার পাওয়া কিংবা এজেন্সি সেভেন-এর সম্মানজনক সদস্য পদ অর্জনের মতো ব্যাপারগুলো আমাকে যেমন আনন্দ দেয়, তেমনি আবার একধরনের ভয়ও ধরিয়ে দেয়। সাফল্য মাঝে মাঝে মানুষকে আটকে দেয়। একই কাজ বারবার করতে থাকে, নিজের জালে নিজে আটকে যায়। যে জলে, কাদায়, মাটিতে সে বেড়ে উঠেছে, তাকে ভুলে যায়। ভবিষ্যতে প্রতীক কীভাবে তার কাজের ধার আর তীক্ষ্ণতা ধরে রাখে, সেটাই এখন দেখার বিষয়।
সঙ্গে এটাও ভাবি, প্রতীকের মতো আরও অনেক ফটোগ্রাফার বাংলাদেশে কোথায় কাজ দেখাবে? যে দেশে শিল্পকলা, চারুকলার মতো জায়গায় এখন ফটোগ্রাফির কোনো স্থান নেই। পাশ্চাত্যই কি আমাদের একমাত্র গন্তব্য?
লেখক: আলোকচিত্রী