প্রতীকের নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লাল রঙের চার দেয়ালের একটা ঘরে মৃদু সুর বাজছে। দুই পাশের দেয়াল দুটি সরু হয়েছে সামনের দিকে। স্ক্রিনে লালের বিভিন্ন আভার আলোর কারসাজি। সামনের বেঞ্চিতে বসে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখা যাবে, মায়ের গর্ভে একটা প্রাণের অস্তিত্ব। মহাজাগতিক উপাদানগুলো দিনের আলোর মতো করে আভা ছড়াচ্ছে। নিজের অস্তিত্বের শুরুটা কী তাহলে এখান থেকে? কিছুটা সময় হলেও মনে একবার এই প্রশ্ন আসবে। ভাবনার সেই মহাসাগরে ডুব দেওয়ার একটা সুযোগ পাবেন আলোকচিত্রী সরকার প্রতীকের ‘অরিজিন’ শিরোনামের প্রদর্শনীতে। ৩ ফেব্রুয়ারি থেকে চলছে ছবিমেলা। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি ৫-এ গিয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পারবেন এই প্রদর্শনী।

এখানে ঢোকার মুখে চোখে পড়বে ‘দ্য বুক অব ডিসকুইট’ থেকে পর্তুগিজ কবি ফার্নান্দো পেসোয়ার একটি ইংরেজি উক্তি, ‘শিপস দ্যাট পাস ইন দ্য নাইট অ্যান্ড নেইদার অ্যাকনলেজ নর রিকগনাইজ ওয়ান অ্যানাদার।’

কবি কী বোঝাতে চেয়েছেন? মনে এমন জিজ্ঞাসা নিয়ে সামনে এগোতেই দেখবেন, এক পাশের দেয়ালে সাদা-কালো আলোকচিত্র, আরেক পাশে নীলাভ আলোকচিত্র।

‘কাজ একটাই এখানে। কিন্তু অনেকগুলো খণ্ড। প্রদর্শনীর জন্য বিশেষভাবে এ ঘরটি তৈরি করা হয়েছে। অনেক সময় দেখা যায়, যে ঘরে বা দেয়ালে আলোকচিত্র, ভিডিও কিংবা শব্দকে উপস্থাপন করি আমরা, তার সঙ্গে সেই জায়গার কোনো সম্পর্ক থাকে না। আমি চেয়েছি, এখানে প্রদর্শিত আলোক প্রক্ষেপণের সঙ্গে মিলে যায়, এমন একটি আবহ তৈরি করতে। পুরো বিষয়টি মিলিয়ে “আলোক ভাস্কর্য”ও বলা যেতে পারে।’ বলেন সরকার প্রতীক।

পাঁচ বছর আগে নির্দিষ্ট কোনো ভাবনা থেকে এই কাজ শুরু করেননি। কাজ করতে করতেই নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজস্বতা, স্বকীয়তা সৃষ্টি হয়েছে। আত্মার ও চেতনার অস্তিত্ব খুঁজেছেন। সেই পুরো যাত্রার গল্প আছে এখানে। নীলাভ ছবিগুলো এই গল্পের শুরুটা, সাদা-কালোর মধ্যে ব্যক্তিগত অনেক আবেগ-অনুভূতি আছে। আবার আলো ও শব্দের যে কাজটা, ওটাই ‘কোর’ মানে অস্তিত্বের মূলে।

আলোর প্রক্ষেপণের সঙ্গে মেলানো সুরও প্রতীকেরই তৈরি করা। সুর বিষয়টি মনের গভীরতম জায়গা থেকে আসে। বাইরের কোনো কিছুর প্রভাব সেখানে পড়ে না। মানুষ শুধু অনুভব করতে পারে সুরকে। প্রতীক আলোকচিত্রকেও সেখানে নিয়ে যেতে চান। একেক মানুষ তাঁর নিজের মতো করে অনুভব করবে ছবির গল্পটিকে। অনুভবের ও বোঝার একটা শক্তিশালী মাধ্যম হবে আলোকচিত্র।

বিমূর্ত ঘরানার ছবিও যেমন আছে, আবার প্রতিকৃতি, প্রকৃতিরও দেখা মিলবে। দেশ-বিদেশের অনেক আলোকচিত্রীর কাজ প্রদর্শিত হচ্ছে এখানে। সরকার প্রতীকের নিজস্বতাই তাঁকে আলাদা করে তুলেছেন সবার মধ্যে। এ ধরনের প্রদর্শনীর সঙ্গে এ দেশের মানুষ খুব একটা পরিচিত নয়। যাঁরা আসছেন, তাঁদের থেকে ইতিবাচক সাড়াই পেয়েছেন প্রতীক।

দেশের বাইরে দুবার ‘অরিজিন’ প্রদর্শিত হলেও দেশে এবারই প্রথম পূর্ণাঙ্গরূপে প্রদর্শিত হচ্ছে। এবারের ছবিমেলায় আলোকচিত্রী মুনেম ওয়াসিফ ও সরকার প্রতীক মিলে আহসান মঞ্জিলে ‘বেঙ্গল ডিভাইডেড’ নামে একটি স্লাইড শো কিউরেট করেন। এতে দেশ, ঐতিহ্য, স্বাধীনতার মেলবন্ধন ছিল যেন। এ ছাড়া পুরান ঢাকার নর্থব্রুক হল ও বিউটি বোর্ডিংয়ে আরও দুটি প্রদর্শনীর কিউরেটর ছিলেন। প্রতীক বলেন, ‘বেঙ্গল ডিভাইডেডের কাজটি করে খুব ভালো লেগেছে। ঢাকার বাইরে এ কাজটির প্রদর্শনী করার ইচ্ছা আছে।’

এবারের ছবিমেলায় ১০ জন ফেলো আছেন। প্রতীক তাঁদের একজন। সারা বছরই দেশের বাইরের বিভিন্ন জায়গায় নানা দেশের আলোকচিত্রীদের সঙ্গে দেখা করা, অভিজ্ঞতা বিনিময় করা ও কাজ করার সুযোগ হয় তাঁর। সেসব বিদেশি বন্ধু আলোকচিত্রী অনেকেই প্রতীকের কাছে বাংলাদেশের গল্প শুনে, ছবিমেলা ও আলোকচিত্রীপ্রেমীদের গল্প শুনে এসেছেন এবার। অংশ নিয়েছেন। সেটিও প্রতীককে বিশেষভাবে আনন্দিত করেছে।