প্রতীক্ষার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটিকে প্রথম দেখে স্কুলে যাওয়ার পথে। দুজন পাশাপাশি স্কুলে পড়ত। ছেলেটি তখন নবম শ্রেণিতে, মেয়েটি সপ্তম। 
রোজ স্কুলে আসা-যাওয়ার পথে দেখা হয়। মেয়েটি যে পথ দিয়ে স্কুলে যায়, ঠিক সময়ে রোজ সেখানে দাঁড়িয়ে থাকে ছেলেটি। চোখাচোখি হয়, হাসি বিনিময় হয়। কথা হয় না।
ছেলেটি তখন স্কুল পেরিয়ে কলেজে উঠেছে। প্রস্তুতি নেয় মেয়েটিকে তার এত দিনের জমানো কথা জানানোর। মেয়েটির মুঠোফোন নম্বর আগেই ছিল। কখনো ফোন করা হয়নি। একদিন ফোন করে। পরিচয় দেয় আমি সেই ছেলেটা। মেয়েটি তাকে চিনতে পারে। ছেলেটা তার ভালোবাসার কথা জানায়। অনেক দেরি হয়ে গেছে, মেয়েটি বলে। এক বছর আগে আরেকজনের আহ্বানে সাড়া দিয়েছে সে।
অনেক বছর পর। ছেলেটা তখন বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে। ফেসবুকে প্রায়ই সেই মেয়েটির নাম লিখে সার্চ দেয়। গত ঈদের আগে মেয়েটির আইডি খুঁজে পায় ছেলেটি। অনেক ভেবে বন্ধুত্বের আহ্বান পাঠায় মেয়েটিকে। ছেলেটিকে অবাক করে দিয়ে তা গ্রহণ করে মেয়েটি।
দুজনের চ্যাট চলতে থাকে। মেয়েটি জানায় তার সেই সম্পর্কটা ভুল ছিল। শেষ হয়ে গেছে অনেক আগেই। ঈদের ছুটিতে একসঙ্গে বাড়ি যাওয়ার প্রস্তাব দেয় ছেলেটিকে। ছেলেটি রাজি হয়ে যায়।
বাস চলতে থাকে গ্রামের দিকে। কথা বলতে বলতে একসময় ছেলেটির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে মেয়েটি।