প্রতীক্ষার স্মৃতিসৌধে হবে বিজয় উদ্যাপন

এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন ফুলে ফুলে ছেয়ে যাবে আনোয়ারার বন্দর বধ্যভূমিতে নির্মিত দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ। স্থানীয় মুক্তিযোদ্ধাদের বহু প্রচেষ্টা আর দীর্ঘ অপেক্ষার পর নির্মিত এই স্মৃতিসৌধে এবার পালিত হবে মুক্তিযুদ্ধের বিজয় দিবস।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারা উপজেলার বন্দর গ্রামে ১৯৭১ সালের ২০ মে ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার ১৫৬ মানুষকে নির্যাতনের পর হত্যা করা হয়। একেকটি গর্তে ১০ থেকে ১৫ জন মানুষকে চাপা দেওয়া হয়। এ কাজে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে স্থানীয় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী।
সে কলঙ্কময় অধ্যায় যাতে ইতিহাস থেকে হারিয়ে না যায়, এ জন্য আনোয়ারার বন্দর এলাকার বধ্যভূমিতে স্মৃতিসৌধ ও কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধরা। তবে পর্যাপ্ত টাকা না থাকায় কমপ্লেক্স নির্মাণ সম্ভব হয়নি।
স্বাধীনতার পর ৪০ বছর ধরে আনোয়ারার এই বধ্যভূমি বেহাত হওয়া ঠেকাতে লড়াই করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের হাত থেকে বধ্যভূমিটি রক্ষায় মামলাও করেছিলেন তাঁরা। ২০১০ সালের ২২ সেপ্টেম্বর সরকারি খাস জমির আওতাভুক্ত এ বধ্যভূমি বুঝে পান মুক্তিযোদ্ধারা। কেবল তা-ই নয়, বধ্যভূমিটি রক্ষা করতে গিয়ে ২০০৯ সালের ২৮ মার্চ হামলারও শিকারও হন তাঁরা। এই হামলায় মুক্তিযোদ্ধাসহ অন্তত ৫০ জন আহত হন। এ নিয়ে থানায় মামলা-পাল্টামামলার ঘটনাও ঘটে। পরে আনোয়ারার তৎকালীন সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জমান চৌধুরীর হস্তক্ষেপে বধ্যভূমি দখলে নেন তাঁরা। বর্তমানে বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণকাজ শেষ হলেও টাকার অভাবে আটকে গেছে স্মৃতি কমপ্লেক্স নির্মাণকাজ।
জানা গেছে, কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে আড়াই কোটি টাকা। কমপ্লেক্সে থাকবে মিলনায়তন, গ্রন্থাগার, জাদুঘর ও সেমিনার কক্ষ। এ ছাড়া ছাদের ওপর থাকবে খোলা মঞ্চ। বন্দর বধ্যভূমি স্মৃতি কমপ্লেক্সের সদস্যসচিব লিয়াকত আলী চৌধুরী বন্দর বধ্যভূমি প্রসঙ্গে বলেন, এই বধ্যভূমিতে ১৫৬ জনকে হত্যা করা হয়। আর সেসব শহীদের স্মৃতিতে ১৫৬টি স্তম্ভ হবে এখানে। প্রতিটি স্তম্ভে থাকবে একেকজন শহীদ মুক্তিযোদ্ধার ছবি।
তিনি আরও জানান, ইতিমধ্যে ১৯৭১ সালের বিজয়ের স্মরণে ৭১ ফুট উঁচু মিনার নির্মিত হয়েছে। আর শোকের প্রতীক হিসেবে চারদিকে আটটি কালো স্তম্ভ করা হয়েছে কালো মার্বেল পাথরের ওপর। তা ছাড়া, ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ২০ বছরের কথা মাথায় রেখে অর্ধচন্দ্রাকারে নির্মিত হয়েছে ২০টি স্তম্ভ। এই স্তম্ভগুলোর উচ্চতা ১৬ ডিসেম্বরের সঙ্গে মিল রেখে ১৬ ফুট রাখা হয়েছে। কমপ্লেক্সের ঠিকাদার প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কন্সট্রাকশনের ব্যবস্থাপনা অংশীদার এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, ‘শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত কমপ্লেক্সের কাজ করতে পেরে আমরা গর্ববোধ করছি। ইতিমধ্যে ৪০ লাখ টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর ও স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।’