প্রতীক্ষায় মিসরীয়রা
মিসরে গণ-অভ্যুত্থানের মাধ্যমে হোসনি মোবারককে বিতাড়নের সাত মাস পেরিয়ে গেছে। এখনো সেখানে প্রায় প্রতিদিনই বিক্ষোভের ঘটনা ঘটছে। অনেকেই রাজনৈতিক কারণে ওই সব বিক্ষোভে অংশ নিলেও কারও কারও দাবি জীবনমানের উন্নয়ন। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মিসরে চলতি বছরের জুন থেকে জুলাইয়ের মধ্যে মাত্র এক মাসে চাল এবং চিনির দাম বেড়েছে ১০ শতাংশ। মিসরের মোট জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশেরই বয়স ৩০ বছরের নিচে। এর এক-তৃতীয়াংশ লোকই বেকার। গত এক বছরে দেশে বেকারত্বের হার আরও বেড়ে ১১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লেবানন কার্যালয়ের কর্মকর্তা নাদা আল নাসিফ বলেন, ‘স্বল্পমেয়াদে পরিস্থিতি কিছুটা হতাশাজনক বলে মনে হচ্ছে। গণতান্ত্রিক উত্তরণ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য বেশ কিছু সরকারি কর্মসংস্থান প্রকল্প নিতে হবে।’ সেনা নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের সংহতি এবং সামাজিক ন্যায়বিচারমন্ত্রী ড. গৌদা আবদুল খালেক বলেন, জনগণের আরও দাবিদাওয়া উত্থাপনের অধিকার রয়েছে। তারা দ্রুত প্রত্যাশার বাস্তবায়ন চায়। সমস্যা হচ্ছে, অর্থনৈতিক দাবিদাওয়া নিয়ে চলমান উত্তেজনাও দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। সরকার বলছে, উত্তপ্ত পরিস্থিতির কারণে অনেক সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারী মিসর সফর বাতিল করেছেন। গণ-আন্দোলনের আগে মিসরের অর্থনীতির প্রধান খাত ছিল পর্যটনশিল্প। আন্দোলনের ফলে অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতটি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, গণ-আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে পর্যটকের সংখ্যা ব্যাপক হারে কমেছে। সরকার এখন বলছে, তারা দেশের অর্থনীতির কাঠামো বদলে ফেলতে চায়। সংহতি এবং সামাজিক ন্যায়বিচারমন্ত্রী ড. গৌদা আবদুল খালেক বলেন, পর্যটন ও নির্মাণশিল্প মিসরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলেও কর্মসংস্থান সৃষ্টি এবং উপার্জন বৃদ্ধির দিক থেকে প্রান্তিক। এ জন্য ভবিষ্যতে সরকার কৃষি এবং উৎপাদন শিল্পের ওপর গুরুত্ব দেবে। কৌশিক আহমেদ