কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ২৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫০ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। মজিদিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সকাল ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোছাইন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, পরিবেশ বিজ্ঞানী আনচারুল করিম, ডা. নুরুল আমিন, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, আশেক উল্লাহ, এম আজিজুর রহমান, ফরিদুল আলম, অ্যাডভোকেট আবু তালেব, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এঁরা হলেন সভাপতি পদে জি এম ছমি উদ্দিন, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, আবু হায়দার ও নুরুল আলম। পরে ১৫০ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে জি এম ছমি উদ্দিন সভাপতি ও আবু হায়দার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।