প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িটা যখন ডানে বাঁক নিল, আমার বুকে হালকা একটা মোচড় দিয়ে উঠল। একটু পরেই পৌঁছে যাব বিমানবন্দরে! মা পাশে বসা। আমাকে বিমানবন্দরে পৌঁছে দিচ্ছেন। এবার অনেক দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। স্বাভাবিকভাবেই পরিবেশ থমথমে!
পৃথিবীর এক আশ্চর্য জায়গা এই বিমানবন্দর। দুঃখ আর হাসির সহাবস্থান এখানে। একদিকে ডিপার্চার লাউঞ্জ। প্রিয়জন বিদায়ের কান্নায় ভেজা। অন্যদিকে অ্যারাইভাল লাউঞ্জ, ভালোবাসার আলিঙ্গনে উষ্ণ।
‘যদি একটা এয়ারপোর্ট পেতাম, যেখানে আছে শুধুই অ্যারাইভাল লাউঞ্জ, তাহলে মজা হতো খুব। তাই না, মা?’ বোকার মতো প্রশ্ন করি মাকে। মা উদাস হেসে জিজ্ঞাসা করেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় ডিপার্চার লাউঞ্জ কোন এয়ারপোর্টে?’
‘জানি না মা। নিউইয়র্কের জেএফকে হবে হয়তো!’
মা অন্যদিকে তাকিয়ে বলেন, ‘যদি বলি সবচেয়ে বড় ডিপার্চার লাউঞ্জ আমার ছোট্ট বাসাটা, তাহলে কি খুব ভুল হবে? বল?’ আমি চুপ করে গেলাম। আসলেও তো তাই। একসময় অনেক ভাইবোন একসঙ্গে ছিলাম। মা আগলে রেখে বড় করেছেন। এরপর সবাই যার যার জায়গায় চলে গেছে। মা–ও হয়ে গেছেন একা। ঘরের দরজা না খুলতে খুলতে যেন মরিচা ধরে গেছে!
গাড়ি ততক্ষণে বিমানবন্দরে পৌঁছে গেছে। মা আমার দিকে তাকিয়ে বললেন, ‘আমার বাসার ডিপার্চার লাউঞ্জ বন্ধ হয়ে গেলে তোরা বড় হবি কী করে? মন খারাপ করিস না। আমার কষ্ট হলেও তোরা ভালো থাক!’
ঘটনা এখানেই শেষ হতে পারত, আমি হতে দিইনি, এত বছর পর এবার মা দিবসে আমি সত্যি সত্যি বাড়ি ফিরে এসেছি! মায়ের ডিপার্চার লাউঞ্জ পুরোপুরি বন্ধ করতে। মাকে বলতে, ‘ভালোবাসি’!