প্রত্যাবর্তন(৩০১০)
৩০১০ সালের শরতের এক বিকেল। প্রধানমন্ত্রীর বাসভবন। প্রধানমন্ত্রী রকিং চেয়ারে বসে দোল খাচ্ছিলেন আর গভীরভাবে কিছু একটা ভাবছিলেন। হঠাৎ দোল খাওয়া থামিয়ে পাশের টেবিলে রাখা মেমোরি কার্ড তুলে নিজের চশমার স্লটে ভরে আবার দেখতে শুরু করলেন। চশমার পর্দায় একজন বৃদ্ধের করুণ মুখ দেখা গেল। কান্নাভেজা কণ্ঠে তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, গত বছর এক সড়ক দুর্ঘটনায় আমাদের একমাত্র সন্তান আবদুল্লাহ নিহত হয়। তার পর থেকে তার মা সন্তানশোকে কাতর, শয্যাশায়ী ও মৃতপ্রায়। আমি নিজেও শোকে পাথরপ্রায়। এবার আবদুল্লাহর কিছু লাইভ দৃশ্য এবং শয্যাশায়ী মায়ের করুণ অবস্থা দেখা গেল। শুকিয়ে কাঠ হয়ে গেছেন মহিলা।এরপর আবার বৃদ্ধকে দেখা গেল। বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও একজন মা। তাই একজন মা হয়ে আরেকজন মাকে বাঁচাতে পারেন একমাত্র আপনিই। আপনি যদি আমাদের সন্তানের ক্লোন করার অনুমতি দিতেন...।দেশে এখন ক্লোন নিষিদ্ধ। বহু আগেই দেশে জিনব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে দেশের সব নাগরিকের জিনের কপি জমা রাখা বাধ্যতামূলক। শুধু দেশের স্বার্থে সেখান থেকে জিন সংগ্রহ করে বিশেষ কোনো মৃত ব্যক্তির ক্লোন করার অনুমতি দিতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী।মেমোরি ফাইলের শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ভেসে উঠল। তিনি বললেন, বিষয়টি মানবিক ও মর্মস্পর্শী। তাই এটি সুবিবেচনার সুপারিশ করছি।চোখ বন্ধ করে নিজের একমাত্র সন্তানের কথা মনে করলেন প্রধানমন্ত্রী। ছেলে আনিলান গ্রহের এক মেয়েকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছে। তার সঙ্গে অনেক দিন হলো দেখা হয় না। আবার এক মুহূর্ত ভাবলেন প্রধানমন্ত্রী। তারপর সুনিহাকে কল করলেন। সুনিহা তাঁর ভার্চুয়াল সেক্রেটারি।ত্রিমাত্রিক হলোগ্রাফিক ইমেজে সুন্দরী এক তরুণী এসে হাজির হলেন তাঁর সামনে। তাঁকে প্রয়োজনীয় নির্দেশ দিতে শুরু করলেন প্রধানমন্ত্রী।দুই.এখনো মরণ কেন আসে না—নিস্পৃহ দৃষ্টিতে দুই চোখ মেলে দেয়ালের দিকে তাকিয়ে ছিলেন বৃদ্ধা। দরজা খোলার ক্যাঁচক্যাঁচ শব্দ হলো।‘মা!’ চমকে উঠলেন রাফিয়া। এ কার গলা!‘মা!’আবার ডাক শুনলেন রাফিয়া। ‘কে? কে?’ ধড়ফড় করে বিছানায় উঠে বসলেন। তিনি দেখলেন সেই সরল নিষ্পাপ দুটি চোখ! সেই মুখ! দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে কিশোর আবদুল্লাহ।‘মা!’ আবার ডাকল আবদুল্লাহ।ছুটে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরলেন বৃদ্ধা। সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে কাঁদছেন তিনি।অনেক দূরে বসে ভিডিওস্ক্রিনে এ দৃশ্য দেখে প্রধানমন্ত্রীও চোখ মুছলেন। আনন্দ অশ্রু।তিনিও যে একজন মা।বিশ্বজিৎ দাসদিনাজপুর সরকারি কলেজ