প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সময় রাত ১২টায় বাবার ফোন। সাধারণত কোনো বিপদ-আপদ ছাড়া এত রাতে কল দেওয়ার কথা নয়। মুহূর্তেই নানাবিধ অশুভ কল্পনায় ঘুরপাক খেয়ে মোটামুটি লাফিয়ে উঠে কল ধরলাম। বাবা স্বাভাবিকভাবেই হেসে বললেন,

—কিরে, ব্যস্ত নাকি?

—হ্যাঁ, কিছুটা। এত রাতে! কী ব্যাপার?

—ঘুম আসে না, ভাবলাম তোর সঙ্গে গল্প করি!

—আচ্ছা!

‘আচ্ছা’ বললেও আদতে আমি চমকে উঠেছিলাম বাবার কথা শুনে। আধুনিক বাবাদের মতো আমার বাবা কোনোকালেই আমার বন্ধুর মতো ছিলেন না। দেখা গেল, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলছি, দূরে বাবা আসছে দেখলেই আমি দৌড়ে পালাতাম! বাবার সঙ্গে কাজের কথার বাইরে কখনো গল্প করেছি বলে মনে পড়ে না। মূলত, বাবার সঙ্গে একপ্রকার রাগ করেই আমার দেশত্যাগ। কাজেই মাঝরাতে বাবার ঘুম না আসাতে বাবা আমার সঙ্গে গল্প করবেন—ব্যাপারটা আমার জন্য ভূত দেখার মতো!

বাবা ঘোরলাগা গলায় বললেন,

—তোদের ওখানকার পরিবেশ কেমন এখন?

—স্নোফল হচ্ছে কয়েক দিন ধরে।

—দেশে আসবি না আর?

—জানি না, বাবা। দেখি!

—দেশ ছেড়ে থাকতে ভালো লাগে?

আমি কিছু বললাম না। একটা লম্বা দীর্ঘশ্বাস বুকের অতলে চেপে রাখলাম। বাবার কিছু একটা হয়েছে। বাবা আমার সঙ্গে এমন গল্প করার মানুষ নন। ব্যাপার কী? বাবাকে আমার এখন একজন মানসিক সন্ত্রাসী মনে হচ্ছে। যিনি আটঘাট বেঁধে নেমেছেন, তাঁর দেশ বিভাগী অভিমানী ছেলেকে কাঁদানোর জন্য!

—বাবা, তোমার কী হয়েছে?

—কিছু না তো।

—এভাবে কথা বলছ কেন?

—তোর বয়স কত হলো, বল তো?

আমি বয়স বলতে গিয়ে চমকে উঠলাম! আজ আমার জন্মদিন! বরাবরের মতোই ভুলে বসে আছি। জন্মদিন এখন সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক। সকালে ফেসবুকে চেক না করায় একেবারেই মনে নেই! এখানে আমার বন্ধুবান্ধবও বিশেষ নেই, যারা জন্মদিন মনে রেখে শুভেচ্ছা জানাবে।

বাবা ফোনের ওপাশ থেকে হাসলেন। একে একে মা, বাবা, ছোট বোন—সবাই শুভেচ্ছা জানাল। বাবা বললেন, ‘তোর জন্মদিনের কেক কাটা হবে। ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দে, আমি মোমবাতির সামনে ফোন ধরছি!’ আমি আট হাজার মাইল দূর থেকে ফোনে ফুঁ দিলাম। দূরে থাকার সুবিধা হলো, আমি যে এখন কাঁদছি, এটা বাবা বুঝবেন না। ফোন রাখার আগে মাকে শুধু বললাম, দুই টুকরা কেক ফ্রিজে রেখো, আম্মু! বাবাকে কিছু জানাবে না। একটা সারপ্রাইজ বাবারও পাওনা রইল!

জাহিদ রাজ