প্রত্যাশা পূরণ হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন ৩০ হাজার মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ির মোরঘোনাছড়া এলাকা। তার ওপর দিয়ে বয়ে গেছে শিজক নদ। নদের ওপারে সারোয়াতলী ও আমতলী ইউনিয়ন। নদ পার হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যেতে দুই ইউনিয়নের মানুষকে পোহাতে হয় ভোগান্তি। পারাপারে ভরসা নৌকা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, শিজক নদে একটি সেতু। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, ‘মোরঘোনাছড়া এলাকায় শিজক নদে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে আমরা চেষ্টায় িছলাম। শেষ পর্যন্ত আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান স্যারের সুপারিশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপ থেকে সেতুটি বাস্তবায়িত হচ্ছে। সেতুটি নির্মাণ করা হলে যোগাযোগবিচ্ছিন্ন প্রায় ৩০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাগব হবে।
১০ নভেম্বর এলজিইডির একটি প্রতিনিধিদল মোরঘোনাছড়া এলাকা পরিদর্শন করেছে। এ সময় পথসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, এলজিইডির তিন পার্বত্য জেলার প্রধান মো. আবদুুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মুনিরুজ্জামান, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যতীন রায় চাকমা, বাঘাইছড়ি ইউপির চেয়ারম্যান অলিভ চাকমা প্রমুখ।
উপজেলা এলজিইডি সূত্র জানায়, এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সেতুটি বাস্তবায়ন করবে এলজিইডি। ৯৫ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থের এই সেতুতে ব্যয় ধরা হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। আগামী জুনের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে আগস্টের দিকে নির্মাণ শুরু করা হবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মুনিরুজ্জামান বলেন, আগামী জুনের মধ্যে দরপত্রসহ সব প্রক্রিয়া শেষ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, ছোট একটি নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ পারাপার হয়। নদের পশ্চিম পাড়ে মোরঘোনাছড়ায় ছোট বাজার রয়েছে। পূর্ব দিক থেকে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা শিজক নদ পার হওয়ার সময় ভোগান্তিতে পড়ছে।
তাঙগুমা গ্রামের সুরেশ চাকমা ও চিন্তারামছড়া গ্রামের বাসিন্দা বিনয় চাকমা বলেন, মোরঘোনাছড়া এলাকায় শিজক নদে সেতুর অভাবে শুধু উৎপাদিত ফসল বাজারজাতে অসুবিধা হচ্ছে। গ্রামগুলোয় মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় মুমূর্ষু রোগী মাঝপথে মারা যায়। এ ছাড়া ছোট নৌকা দিয়ে পার হতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। সেতু নির্মিত হলে এখানকার মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে।