প্রত্যাশা পূরণই সু চির চ্যালেঞ্জ
‘ভোট দেওয়া নিয়ে আমি এত রোমাঞ্চিত ছিলাম যে আগের রাতে ঘুমাতেই পারিনি।’ কাহমু আসনের ভোটার থাং নিয়ান্ট এভাবেই জানালেন উপনির্বাচনে অং সান সু চিকে ভোট দেওয়ার অনুভূতি।ভোটের দিন খুব ভোরে উঠে সাইকেলে কেন্দ্রে চলে যান থাং নিয়ান্ট। প্রথম কয়েকজন ভোটারের মধ্যেই ছিলেন তিনি। ভোট দেন মিয়ানমারের গণতন্ত্রকামী আন্দোলনের প্রতীকে পরিণত সু চিকে। নিয়ান্ট বলেন, ‘আগে আমার পছন্দের কোনো প্রার্থী ছিল না। উপনির্বাচনে আমাদের সু চি আছেন। আমরা সবাই তাঁকে ভালোবাসি।’ দক্ষিণ-পূর্ব এশিয়ার নিভৃতচারী দেশ মিয়ানমারে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচন হয়েছে ২০১০ সালের নভেম্বরে। অর্ধশতাব্দীর মধ্যে এটি ছিল মাত্র তৃতীয় নির্বাচন। ১ এপ্রিল হলো তার কিছুসংখ্যক আসনে উপনির্বাচন। ৪৫ আসনের এই উপনির্বাচনে ৪৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়ের দাবি করেছে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। প্রাথমিক বেসরকারি ফল অনুযায়ীও (বৃহস্পতিবার পর্যন্ত) এনএলডি অন্তত ৪০টি আসনে জয়ী হয়েছে। এনএলডির দাবি, সু চি তাঁর আসনে ৯৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সু চি বা তাঁর দলের এই সাফল্য এটাই বলে যে বছরের পর বছর ধরে সামরিক শাসনে নিষ্পেষিত মিয়ানমারের মানুষ পরিবর্তন চায়। নির্বাচনের দিন নিজের আসন কাহমু পরিদর্শন করেন সু চি। এ সময় তাঁকে দেখতে আসা থাডিমন্থার ইয়ি বলেন, ‘আমি সু চিকে সমর্থন জানানোর জন্য এখানে এসেছি। তিনি আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁকে ধন্যবাদ জানাই।’থিন নাইং নামে একজন বলেন, ‘আমি এখন আলোর রেখা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আরও অনেক পরিবর্তন আসবে বলে আশা করছি।’ এমন সাধারণ মানুষের বহু প্রত্যাশা পূরণ করতে হবে সু চিকে। জনগণের প্রত্যাশাও যেন বাড়িয়ে দিচ্ছেন এনএলডির নেতারা। দলের নেতা মিয়ো উইন বলেন, ২০১৫ সালে সু চির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।মিয়ানমারের বেশির ভাগ মানুষ সে আশায়ই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আর বিশ্লেষকেরা মনে করেন, জনগণের প্রত্যাশা পূরণ সু চির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে এই প্রথমবারের মতো পার্লামেন্টে ঢুকতে যাচ্ছেন তিনি। এখন তাঁকে জনগণের আশা পূরণে কাজ করতে হবে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও সু চির দীর্ঘদিনের বন্ধু রিচার্ড হোর্সে বলেন, জনগণের প্রত্যাশাকে রাজনৈতিক বাস্তবতায় রূপ দেওয়াটাই সু চির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এ ছাড়া দরিদ্র জনগণের জন্য খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হবে।জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি বেসামরিক সরকারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে সু চিকে। সামরিক বাহিনী পেছন থেকে এখনো না সরায় একে ‘নামমাত্র’ বেসামরিক সরকারই বলেন সবাই। তার পরও মানতেই হবে থেইন সেইনের শুরু করা সংস্কারেরই প্রতিফলন আজকের অপেক্ষাকৃত মুক্ত মিয়ানমার। ২০১০ সালের নভেম্বরে সু চির মুক্তি এই সংস্কার প্রক্রিয়ার অংশ। তাই সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই তাঁকে কাজ করতে হবে। কিন্তু দুই কূল রক্ষা করে কতটা কী করা সম্ভব তা নিয়ে সংশয় থাকছেই।নির্বাচনের পরে সু চি বলেছেন, দেশের জাতিগত সংঘাত নিরসনে তিনি ভূমিকা রাখতে পারেন। যাঁরা দেশকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করছেন, তাঁদের সঙ্গে কাজ করতে চান তিনি।তবে বিশ্লেষকেরা খুব বেশি আশাবাদী হওয়ার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তাঁদের মতে, মিয়ানমারে সংস্কারের হাওয়া বইছে মাত্র এক বছর ধরে। দীর্ঘদিন সামরিক শাসনের জাঁতাকলে থাকা একটি দেশের জন্য এক বছর খুব বেশি সময় নয়। কোনো কোনো বিশ্লেষক মনে করেন, সু চির জয় চেয়েছিল মিয়ানমার সরকারও। তাঁকে পার্লামেন্টে নিয়ে সংস্কার কর্মসূচিকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই সরকারের এই অবস্থান, তা করতে পারলে দেশটির ওপর থেকে পাশ্চাত্য অবরোধ শিথিল, এমনকি প্রত্যাহার সহজ হবে। দাউদ ইসলাম, তথ্যসূত্র: বিবিসি