প্রত্যেকে তাঁরা পরের তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠিত খ্যাতির শীর্ষে অবস্থান। বিত্তবৈভবও কম নয়। তাঁরা এগিয়ে এসেছেন মানুষের পাশে, সচেতনতামূলক কাজে। এ ধরনের কয়েকজন খ্যাতিমান মানুষের সচেতনতামূলক কাজ সম্পর্কে থাকছে এখানে।
শাবানা আজমি
শাবানা আজমি

শাবানা আজমি
বলিউড অভিনেত্রী

বয়স এখন ৬৬। কিন্তু বসে নেই বহুমাত্রিক প্রতিভার অধিকারী অভিনেত্রী শাবানা আজমি। এ বয়সে অভিনয়ে যেমন ব্যস্ত তিনি, তেমনি সমাজসেবাতেও নিবেদিত। এরই মধ্যে সমাজসেবামূলক কাজে বলিউডের আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর এসব কাজের মধ্যে রয়েছে শিশু অধিকার রক্ষা, এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। এইডস সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে বিভিন্ন রাজ্যে যেমন ঘুরে বেড়ান, তেমনি প্রচারণাও চালান। নিজ দেশের জাতীয় এইডস কমিশনের একজন সদস্যও বটে তিনি। শাবানা আজমি যুক্ত আছেন মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে। ভারতের উত্তর প্রদেশে এটি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর বাবা বিখ্যাত কবি প্রয়াত কাইফি আজমি। এ ব্যাপারে শাবানার ভাষ্য, ‘আমার বাবা বিশ্বাস করতেন ভারতের অর্থনীতির উন্নতি হবে যদি গ্রামাঞ্চলের মানুষের কাছে নানা রকম সুবিধা পৌঁছে দেওয়া যায়। কারণ, ভারতের ৮০ শতাংশ মানুষই গ্রামে বসবাস করে, যারা বঞ্চিত নাগরিক সুবিধা থেকে।’

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে শাবানা আজমির প্রতিষ্ঠান। যেগুলোর মধ্যে রয়েছে মেয়েদের জন্য হাইস্কুল ও কলেজ, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। শাবানা জাতিসংঘের পপুলেশন ফান্ডের শুভেচ্ছাদূতও। কংগ্রেস তাঁকে রাজ্যসভার সদস্যপদ দেয় ১৯৯৭ সালে। শুধু তা নয়, বাংলাদেশের ব্র্যাকের আন্তর্জাতিক বোর্ডের একজন সদস্যও তিনি।

মমতাজ বেগম
মমতাজ বেগম

মমতাজ বেগম
বাংলাদেশি কণ্ঠশিল্পী
মমতাজ চক্ষু হাসপাতাল, তাঁর স্বপ্নের জায়গা। এক সাক্ষাৎকারে প্রথম আলোকে এমনটাই জানিয়েছিলেন মমতাজ বেগম। মানিকগঞ্জ শহরের জয়রা রোডে এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন ২০০৪ সালের ৭ জানুয়ারি। নামমাত্র মূল্যে রোগীরা চিকিৎসা নিতে পারেন হাসপাতালে। মুঠোফোনে মমতাজ বলেন, ‘মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এ হাসপাতাল প্রতিষ্ঠা করি।’ হাসপাতাল শুধু একটাই নয়, ২০০৮ সালে সিঙ্গাইর উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে প্রতিষ্ঠা করেন ‘মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল’।
কণ্ঠশিল্পী থেকে এসেছেন রাজনীতিতে। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সাংসদ হন, ২০১৪ সালে মানিকগঞ্জ–২ আস​ন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই শিল্পী। মমতাজ বেগম এখন দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি হিসেবে। নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচার চালানোর জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার শুভেচ্ছাদূত নির্বাচিত হন ২০১০ সালে। এ ছাড়া আন্তর্জাতিক চক্ষু চিকিৎসা সংস্থা অরবিসের দৃষ্টিদূত হিসেবেও বাংলাদেশে কাজ করেছেন তিনি।

রুনা লায়লা
রুনা লায়লা

রুনা লায়লা
বাংলাদেশি গায়িকা
গানের পাশাপাশি শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন রুনা। বাড়িয়েছেন সহযোগিতার হাত। শারীরিক প্রতিবন্ধীদের সহায়তার জন্য সুইড বাংলাদেশের হয়ে কাজ করছেন। ইউএনএইডসের শুভেচ্ছাদূত হয়ে এইচআইভি/এইডসের ব্যাপারে সবাইকে সচেতন করছেন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০১৩ সালেই শুভেচ্ছাদূত হয়েছেন সার্কের।
বড় বোন দিনা লায়লার মৃত্যুর পর ঢাকায় শিশু হাসপাতালে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একটি ওয়ার্ড গড়েছেন অনেক বছর আগেই। এখন স্বপ্ন দেখেন ক্যানসার হাসপাতাল গড়ার।

ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশি অভিনেতা
১৯৯৩ সাল। দিনটা ২২ অক্টোবর। ইলিয়াস কাঞ্চন তখন বান্দরবানে, শুটিংয়ের কাজে। পরিবারের সদস্যরা ছিলেন ঢাকায়। ওই দিনই স্ত্রী জাহানারা কাঞ্চন, সন্তানেরা ভাড়া করা মাইক্রোবাসে করে রওনা হন কাঞ্চনের উদ্দেশে। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান ইলিয়াস কাঞ্চনের স্ত্রী। শোকাক্রান্ত কাঞ্চন তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় ছেড়ে সন্তানদের সঙ্গে পুরোটা সময় কাটাবেন। মুঠোফোনে এমনটাই জানালেন তিনি।
তাহলে, অ্যাক্টিভিস্ট ইলিয়াসের ফিরে আসা? তিনি বললেন, ‘একজন সাংবাদিকের অনুপ্রেরণায় “নিরাপদ সড়ক চাই” সংগঠন গড়ে তুলি।’ বিষয়টা পরিষ্কারও করলেন। এক সাংবাদিক তাঁকে বলেছিলেন, আপনি যেমন আপনার স্ত্রীকে ভালোবাসেন, মানুষও আপনাকে তেমন ভালোবাসে। আপনি সবার অন্তরালে না গিয়ে বরং সড়ক দুর্ঘটনায় যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য কিছু করতে পারেন। যেই বলা সেই কাজ।

ওই বছরেরই ১ ডিসেম্বর কার্যক্রম শুরু হয় ‘নিরাপদ সড়ক চাই’-এর। উদ্দেশ্য, সচেতনতার মাধ্যমে সড়কে দুর্ঘটনার হার কমানো। মহাসমাবেশ, জনসভা, শোভাযাত্রা, সেমিনার, ব্যানার, ভিডিওসহ বিভিন্ন মাধ্যমে মানুষদের সচেতন করা হয় এ সংগঠনের পক্ষ থেকে। এ ছাড়া স্কুলে স্কুলে গিয়ে ভিডিওর মাধ্যমে দুর্ঘটনার কারণ দেখিয়ে সচেতন করা হয় শিক্ষার্থীদের। গড়ে তুলেছেন গাড়ি চালনার একটি প্রশিক্ষণকেন্দ্রও। ন্যূনতম এসএসসি পাস হলেই তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া যায় এই কেন্দ্র থেকে। অন্য চালকদের জন্যও রয়েছে নানা কার্যক্রম।

ইলিয়াস কাঞ্চন জানালেন, দেশে আগের চেয়ে দুর্ঘটনার হার কমেছে। তবে তা আরও কমিয়ে আনতে হবে। এ জন্য দোষারোপ না করে দুর্ঘটনার কারণ জানতে হবে এবং তা সমাধান করতে হবে।

লিওনার্দো ডি ক্যাপ্রিও
লিওনার্দো ডি ক্যাপ্রিও

লিওনার্দো ডি ক্যাপ্রিও
মার্কিন অভিনেতা

তাঁকে কে পছন্দ না করে পারে? টাইটানিক, ইনসেপশন বা দ্য রেভনেন্ট সিনেমা দিয়ে বিশ্ব কাঁপিয়েছেন ডি ক্যাপ্রিও। শুধু তাঁর অভিনয় নয়, তাঁকে পছন্দ করার আরও কারণ রয়েছে। একজন পরিবেশবাদী তিনি। অস্কার বিজয়ী এই অভিনেতা অভিনয় এবং পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি—দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন।

১৯৯৮ সালে ডি ক্যাপ্রিও প্রতিষ্ঠা করেন ‘লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন’। এ সংগঠন কাজ করে বিশ্বে এখনো টিকে থাকা বনাঞ্চল নিয়ে। পাশাপাশি জলবায়ু, পরিবেশ ঘিরে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতেও কাজ করে। বাঘ, হাতি, হাঙরসহ বিভিন্ন প্রাণী সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থাকে অনুদান দেয় এই সংগঠন। এখন পর্যন্ত ৪৬টি দেশে কাজ করছে লিওনার্দো ডি ক্যাপ্রিও ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ২০১৪ সালে লিওনার্দো ডি ক্যাপ্রিও নির্বাচিত হন জাতিসংঘের শান্তিদূত হিসেবে।

লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসি
আর্জেন্টাইন ফুটবলার
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, শিক্ষা ও চিকিৎসাসেবার বিশ্বজনীন অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যবিমোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতিসংঘ। এ জন্য বিশ্বের বিখ্যাত তারকাদের নিয়ে একটি দল গড়েছে জাতিসংঘ। দলের সদস্যসংখ্যা ১৭। তাঁদেরই একজন লিওনেল মেসি। এর অংশ হিসেবে শিশুমৃত্যুর হার কমানো, অপুষ্টি দূর করার জন্য প্রায়ই বিভিন্ন প্রচারণায় অংশ নিতে দেখা যায় এ ফুটবল তারকাকে।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মেসি কাজ করছেন ২০১০ সাল থেকে। ইউনিসেফের ‘ওয়ান ইন ইলেভেন’ প্রকল্পের জন্য বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার নিরক্ষর শিশুদের স্কুলগামী করতে প্রচারণাতেও অংশ নিয়েছেন মেসি। এ ছাড়া ইউনিসেফের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে তাঁর উপস্থিতি রয়েছে।

গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী

সূত্র: এনডি টিভি, ওয়ান ইন ইলেভেন, ওয়ান গ্রিন প্লানেট, ইউর স্টোরি, উইমেন নাউ, ডেইলি স্টার ও প্রথম আলো।