প্রত্যেকে মোরা পরের তরে
সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা ১০ স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ‘স্বেচ্ছাসেবা সম্মাননা ২০১৯’ প্রদান করেছে আন্তর্জাতিক সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) ও প্রথম আলো। ২২ ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।
আলিয়া বেগম : অভিভাবকহীন রোগীর পাশে
দিনে রাজশাহী মেডিকেল কলেজের ট্রলি ঠেলার কাজ করেন আলিয়া বেগম। রাতে বাড়ি ফিরে বই বাঁধাইয়ের কাজ করেন। এই দুই কাজের বাইরেও মহৎ একটি কাজ করেন তিনি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অভিভাবকহীন রোগীর অভিভাবক হয়ে যান তিনি। তাঁদের সেবা দেন। বিনিময়ে কোনো প্রত্যাশা নেই; বরং কেউ অর্থ দিতে চাইলে তাঁর মন খারাপ হয়ে যায়। তিনি বললেন, ‘রোগী সুস্থ হলে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেই। পরিবারের খোঁজ না পেলে নিজের ভাড়া বাড়িতে নিয়ে রাখি।’
শিরীন বেগম : স্বাভাবিক প্রসবের কান্ডারি
ফেসবুকে শিরীন বেগমের নাম সানজানা শিরীন। সেখানে রক্তের খোঁজে সব সময় সক্রিয় তিনি। ফেসবুকের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও রক্তদাতা খুঁজে দেন তিনি। শিরীন পেশায় চিকিৎসা সহকারী। পছন্দের এই পেশায় তাঁর প্রিয় কাজ—গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসব করানো। শিরীন বলেন, ‘অস্ত্রোপচারের খরচ বাঁচিয়ে নিরাপদে একটি শিশুকে ভূমিষ্ঠ করতে পারা পরম আনন্দের একটি কাজ আমার কাছে। এখন পর্যন্ত ৫৭৬ জন মায়ের স্বাভাবিক প্রসব করিয়েছি আমি।’
বাংলাদেশ ইনোভেশন ফোরাম : উদ্ভাবনী প্রজন্ম গড়তে
দেশের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ, রোবটবিজ্ঞানসহ ডিজিটাল দুনিয়ার নানা আয়োজন নিয়ে ছুটে যায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনোভেশন ফোরাম (বিআইএফ)। ২০১৬ সালে ‘স্পেস অ্যাপস নেক্সট জেন’ নামে এক প্রতিযোগিতার (হ্যাকাথন) মধ্য দিয়ে দেশের তরুণদের মধ্যে পরিচিতি পায় বিআইএফ। শুরুতে রাজধানীতে কাজ করলেও এখন দেশের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবী রয়েছেন। রয়েছেন প্রায় ২০০ জন প্রশিক্ষক।
কেয়ার ফর আনক্লেমইড বিস্ট—কাব : হোক পাখির কলরব
চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামজুড়ে চোখে পড়বে ‘পাখি শিকার নিষিদ্ধ’, ‘এসো পাখির বন্ধু হই’—এমন সচেতনতামূলক সাইনবোর্ড। এই সাইনবোর্ডগুলো লাগিয়েছে কেয়ার ফর আনক্লেমইড বিস্ট—কাব। সংগঠনটির উদ্যোক্তা বখতিয়ার আহমেদ। স্থানীয় তরুণদের নিয়ে ২০১১ সালে এই সংগঠন চালু করেন তিনি। বখতিয়ার নিজের জমানো টিউশনির টাকায় গাছে গাছে অন্তত ১ হাজার কলসি দিয়ে পাখির বাসা তৈরি করে দেন। দিন দিন কলসির সংখ্যা বেড়েই চলেছে। এখন ওই গ্রামে বছরজুড়ে থাকে নানা পাখির আনাগোনা।
ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট : বাঘবিধবাদের পাশে
সুন্দরবনের গভীরে কাজ করতে গিয়ে বাঘের থাবায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্ত্রীদের বলা হয় ‘বাঘবিধবা’। ওই সমাজে ‘অপয়া’ হিসেবে পরিচিত তাঁরা। ২০১৭ সালে এই বাঘবিধবাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইনিশিয়েটিভ কোস্টাল ডেভেলপমেন্ট গড়ার উদ্যোগ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান। টিউশনির টাকা জমিয়ে তিনটি সেলাই মেশিন দিয়ে শুরু হয় এই কার্যক্রম। এই উদ্যোগে তাঁর ফেসবুকের বন্ধু ও স্থানীয় যুবকেরা এগিয়ে আসেন। পরে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের পক্ষ থেকে চার লাখ টাকা অনুদান পান তাঁরা। এখন পর্যন্ত তাঁরা স্থানীয় ৮০ জন বাঘবিধবা ও মুন্দা সম্প্রদায়ের নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ, সেলাই মেশিন ও নৌকা প্রদান করেছেন।
পে ইট ফরওয়ার্ড : মেধাবীরা থাকুক পড়াশোনায়
পে ইট ফরওয়ার্ড—প্রায় দুই লাখ মানুষের ফেসবুকভিত্তিক একটি সংগঠন। ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখতে কাজ করছে এটি। অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে পড়ছে কিংবা পরিবারকে দেখাশোনা করতে কারও চাকরির প্রয়োজন—এমন কোনো সমস্যায় পড়লে ভুক্তভোগী বা সদস্যদের কেউ তা গ্রুপে তুলে ধরেন। পরে সংগঠন পরিচালনাকারীরা তা যাচাই–বাছাই করেন। সব ঠিক থাকলে দাতাদের আহ্বান জানান, সাহায্যপ্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেন। অর্থ বণ্টনের কোনো দায়িত্ব তাঁরা নেন না। ২০১৬ সালে চট্টগ্রামের বাদল সৈয়দ বন্ধুদের সঙ্গে নিয়ে এই সংগঠনটি শুরু করেন।
এলিজা বিনতে এলাহী : তিনি দেখেন চক্ষু মেলিয়া
ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্ত ঘুরে বেড়ান এলিজা বিনতে এলাহী। নিজেকে পরিচয় দেন ‘ঐতিহ্য পর্যটক’ হিসেবে। এলিজার ভ্রমণের বিশেষত্ব হলো, তিনি দেশের বিভিন্ন অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখেন। সংগ্রহ করেন সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ইতিহাস, ঐতিহ্য ও তথ্য–উপাত্ত। ‘কোয়েস্ট: আ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’ শিরোনামে তিনি নিজ খরচে ঘুরে বেড়িয়েছেন দেশের ৬৪ জেলা। ২০১৬ সালের ১৭ মে থেকে শুরু করে গত বছরের ২৮ আগস্ট শেষ করেছেন প্রথম পর্বের ভ্রমণ। ২০১৯ সালের নভেম্বর ঢাকা জেলা থেকে শুরু করেছেন একই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্বের ভ্রমণ।
তালহা জুবাইর : কৃষকবন্ধু
সফল কৃষি উদ্যোগের গল্পগাথার ভিডিও ধারণ এবং ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করেন তালহা। কৃষি বায়োস্কোপ নামের এই ইউটিউব চ্যানেলের গ্রাহক ৪ লাখ ৬৩ হাজার। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত প্রচারিত ২১১টি তথ্যচিত্র ৫ কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে। তরুণ কৃষিবিদ তালহা কৃষি বায়োস্কোপের মাধ্যমে কর্মশালা, সেমিনার, মোটিভেশন ট্যুর, অনলাইন আলোচনা এবং বিভিন্ন প্রকাশনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশন : সবার আনন্দে বিদ্যানন্দ
‘এক টাকায় আহার’ প্রকল্পের আওতায় দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ফেনীতে শুরু হওয়া এই আহার কার্যক্রমের মাধ্যমেই ২০১৬ সালে আলোচনায় আসে সংস্থাটি। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর, রাজশাহী, কক্সবাজারসহ মোট ১৩টি শাখা রয়েছে বিদ্যানন্দের। এ ছাড়া তাদের পাঁচটি স্কুলে একাডেমিক শিক্ষা পাচ্ছে এক হাজারের বেশি শিশু। বাংলাদেশে করোনা হানা দেওয়ার শুরুতেই ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো এবং মাস্ক-অ্যাপ্রোন ইত্যাদি তৈরি ও বিতরণ, লকডাউনে বিনা মূল্যে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া, উত্তর–পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করেছে বিদ্যানন্দ।
বিপ্লব সরকার : শিক্ষার্থীদের জন্য আহার
গায়ে স্কুলপোশাক আর পকেটে পাঁচ টাকা থাকলেই মেলে দুপুরে ডাল–ভাত। স্কুলশিক্ষার্থীদের জন্য দুপুরে ভাত খাওয়ার এই ‘প্যাকেজ’ চালু করে আলোচিত রাজশাহীর আড়ানীর হোটেল ব্যবসায়ী বিপ্লব সরকার। দুপুরবেলা তাঁর অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকলেই চোখে পড়বে স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের ভিড়। বিপ্লবের মতে, বেশির ভাগ ছেলেমেয়ে টিফিনের সময় আশপাশের দোকান থেকে মুখরোচক কিছু একটা কিনে খায়। এগুলো স্বাস্থ্যসম্মত নয়। তাই দুপুরে অল্প টাকায় এক প্লেট ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারলে তাদের শরীরটা ভালো থাকে।