২০১০ সালের ৮ এপ্রিল সকালে কক্সবাজার মেডিকেল কলেজের ৯০ শিক্ষার্থী ব্যানার-ফেস্টুন নিয়ে মাঠে নামেন। প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তাঁরা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বসে পড়েন। শুরু করেন তিন দফা বাস্তবায়নের দাবিতে টানা সাত ঘণ্টার অনশন কর্মসূচি। কলেজের ছাত্রী রোকসানা রসিদ ও তাহমিনা সুলতানা জানান, ‘অনশন কর্মসূচি চলাকালে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান ও অনশন কর্মসূচি স্থগিত করতে বলেন। কিন্তু আমরা তাতে রাজি হইনি। আমাদের দাবি ছিল, সর্বোচ্চ মহল থেকে তিন দফা বাস্তবায়নে নিশ্চয়তা দিতে হবে। জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদও একাধিকবার চেষ্টা করে অনশন ভাঙতে ব্যর্থ হন। বিকেল সাড়ে পাঁচটায় কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত বাপ্পি ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন উচ্চমহলে যোগাযোগ করে আশ্বাসের কথা জানালে আমরা (শিক্ষার্থীরা) অনশন কর্মসূচি প্রত্যাহার করি।’শিক্ষার্থীদের তিন দফা দাবি ছিল—নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস তৈরি, শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা ও শিক্ষক নিয়োগ এবং এমবিবিএস পরীক্ষার জন্য কলেজে কেন্দ্র স্থাপন। সাত ঘণ্টার অনশন করতে গিয়ে প্রচণ্ড গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথম সেই আন্দোলনে কিন্তু বড় সাফল্য এসেছে। প্রথম আন্দোলন: সে দিনের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিলে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র চৌধুরী ফরহাদ কামাল ও পার্থ কর্মকার এক গাল হেসে বলেন, ‘এটা ছিল আমাদের জীবনে প্রথম আন্দোলন। এর আগে আমরা কোনো আন্দোলন বা মিছিল-মিটিং করিনি। ছাত্ররাজনীতির সঙ্গেও আমরা জড়িত নই। কিন্তু আন্দোলন করে সফল হই আমরা।’তৃতীয় বর্ষের ছাত্রী মোর্শেদা খাতুন জানান, সুদূর ময়মনসিংহ থেকে ডাক্তার হওয়ার আশায় এ কলেজে ভর্তি হয়েছিলাম। দুবছরের লেখাপড়া দেখে মনে হলো ডাক্তার তো দূরের কথা, ভালো সেবিকাও হতে পারব না। তাই আমরা আন্দোলনে নামি। এরপর ধীরে ধীরে সব দাবি পূরণ হতে লাগল। আমরা এখনো জীবনের প্রথম ওই আন্দোলন নিয়ে ভাবি, কথা বলি। অনেক মজাও করি। বলা যায় প্রথম আন্দোলনে আমরা সফল হয়েছি। বড় সাফল্য: শিক্ষার্থীরা জানান, অনশন কর্মসূচির এক মাসের মধ্যে কলেজে চারটি বিভাগে (এনাটমি, ফিজিওলজি. বায়োকেমিস্ট্রি ও কমিউনিটি মেডিসিন) ২৪ শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এরপর এমবিবিএস পরীক্ষার জন্য কেন্দ্র স্থাপন করা হয়। কয়েক মাস আগে আবাসন সমস্যা নিরসনে কলেজ কর্তৃপক্ষ শহরের রুমালিয়াছড়া নামক স্থানে দুটি ভবন ভাড়া নিয়ে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য শহরের ঝিলংজা এলাকায় প্রায় ৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি কেনার জন্য প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জমিতে কলেজের স্থায়ী অবকাঠামোর ভিত্তি স্থাপন করবেন। এতে কলেজের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকেরা খুশি। তিন বছর আগে প্রতিষ্ঠিত সরকারি এ মেডিকেল কলেজে বর্তমানে ১৫৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে ৯০ শতাংশ শিক্ষার্থী কক্সবাজার শহরের বাইরে থেকে আসা। কলেজ নিয়ে মহাপরিকল্পনা: পর্যটনশহরের সরকারি মেডিকেল কলেজটি আন্তর্জাতিকমানে রূপান্তরের মহাপরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। বিদেশি শিক্ষার্থীরা এসে সমুদ্র সৈকতের সংলগ্ন এ কলেজে পড়ালেখার সুযোগ পেলে পর্যটনশিল্পে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। সূত্র জানায়, কলেজের নিজস্ব জমিতে ৫০ শয্যার আধুনিক হাসপাতাল তৈরির মহাপরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এজন্য ৪০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী কলেজের ভিত্তি স্থাপনকালে মহাপরিকল্পনার বিস্তারিত জানাতে পারেন। সূত্র জানায়, এ পরিকল্পনায় কলেজ ভবন নির্মাণ, প্রয়োজনীয় শিক্ষাউপকরণ ও যন্ত্রপাতি সরবরাহ, প্রয়োজনীয় শিক্ষক-কর্মচারী নিয়োগসহ নানা অবকাঠামো নির্মাণ করা হবে।কলেজের বর্তমান শিক্ষাকার্যক্রম চলছে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) জন্য তৈরি তিনতলা একটি ভবনে। গত মাসের মাঝামাঝিতে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. শিফায়েত উল্লাহ কলেজের জন্য কেনা জমি পরিদর্শন করেন। তাঁরা মহাপরিকল্পনার নকশা চূড়ান্ত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত জানান, ‘নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস তৈরি হলে ভবনটি আইসিইউ ইউনিটের জন্য ছেড়ে দেওয়া হবে। আগামী জুন নাগাদ এ ভবনে ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু হবে। সাধারণ মানুষের পাশাপাশি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ অথবা মুমূর্ষু রোগীকে এ ইউনিটে সেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতালে ইউনিটটি চালু না থাকায় প্রতিবছর বহু পর্যটক (সমুদ্রে ডুবে যাওয়া) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।’