প্রথম আলোতে বিজ্ঞানী জাহিদ হাসান

এর আগেরবার জাহিদ হাসানের সঙ্গে আমার দেখা হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে, প্রায় তিন বছর আগে। সেবার ঢাকা উত্তরের গণিত উৎসব হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজে। এর পরের কয়েক বছর আমার সঙ্গে জাহিদের ফোনে কথা হয়েছে অনেকবার। প্রথম আলোর ‘আমিই বাংলাদেশ’ সিরিজের সময় কথা বলেছি। এরপর ভাইল ফার্মিয়ন আবিষ্কার, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মেঘনাদ সাহা—সত্যেন বসুর অনুবাদকৃত আইনস্টাইনের বইয়ের কভারের ছবি স্ক্যান করে আনা—এসব নানা বিষয়ে কথা হয়েছে। প্রথম আলোতে ছাপার জন্য জাহিদের ছবিও আমরা জোগাড় করেছি। কিন্তু জাহিদ যে এখন সব সময় মাথায় তেরছা টুপি পরে থাকেন, সেটা জানতাম না। আর এটাও জানতাম না যে এরই মধ্যে তাঁর ওজনও বেড়ে গেছে। ২৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় প্রথম আলোতে তাঁর পৌঁছানোর কথা। ঢাকার যানজট তা হতে দেবে কেন!
চারটা নাগাদ আমাদের মাঝে এসে পৌঁছান জাহিদ হাসান। ততক্ষণে প্রথম আলোর সেমিনার কক্ষটি পরিপূর্ণ। অনেকে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে আছেন। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমি বলেছিলাম, জাহিদ কাজ করেন এমন কিছু নিয়ে, যা ইলেকট্রনিকসের নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমি ভেবেছিলাম জাহিদ হয়তো তাঁর সাফল্যের গল্পেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন। তবে, তিনি যে নিজেকে ছাপিয়ে যাবেন, সেটা আমাকে আঁচ দিয়ে রাখলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
আলাপের সূত্রপাত যদিও ইলেকট্রনিকস নিয়ে কিন্তু জাহিদ পৌঁছে গেলেন একেবারে বিশ্বতত্ত্বের আঙিনায়। ছোটবেলা থেকে রহস্যভেদের প্রতি তাঁর আগ্রহ। একপর্যায়ে আলাপ পৌঁছাল ভূতের গল্পে। তবে, বিজ্ঞানের ভূতকে ব্যাখ্যা করা যায়, আগে থেকে বলে দেওয়া যায়, যেমনটি কিনা অন্য ভূতের বেলায় ঘটে না। ধানমন্ডি বয়েজ আর ঢাকা কলেজ হয়ে জাহিদের স্নাতক পর্যায়ের পড়ালেখাতে তত্ত্বের দিকেই বেশি ঝোঁক। মহাকাশের রহস্য, দুনিয়ার জন্ম-মৃত্যুর রহস্য উন্মোচনের আনন্দ। এখনকার পদার্থবিজ্ঞানের চ্যালেঞ্জ কিন্তু দুই দিকেই। ইচ্ছে করলে সময়ের রথে চড়ে ফিরে যাওয়া যায় বিগ ব্যাংয়ের সময়ে। দেখা যায় সেখানকার জগৎ। সে সময়ে কোনো বস্তুকণারই ভর ছিল না। সবই ভাইল ফার্মিয়ন কণা। কিন্তু হিগসের কণা (হিগস বোসন) এসে সব ওলটপালট করে দেয়, কণা হয়ে পড়ে ভরবিশিষ্ট। এটি জানা যত আনন্দের, একসময় জাহিদ আবিষ্কার করেন ল্যাবরেটরির ছোট্ট কেলাসের মধ্যে সেটাকে তৈরি করতে পারাতেও সমান আনন্দ। আর এই তৈরি করার আনন্দ পেতেই জাহিদ সরে আসেন পরীক্ষা-নিরীক্ষার জগতে। তাতে কিন্তু মূল লক্ষ্য থেকে সরা হচ্ছে না। কারণ, ছোট জগতের ফিজিকস যেহেতু বড় জগতের ফিজিকসের মতো, কাজেই ল্যাবরেটরিতে বসেই আসলে জানা হয়ে যাবে সেই চিরন্তন প্রশ্নের জবাব—আমি কে? আমি কি সত্যিই আছি?
জাহিদের কাজ তাই নতুন ইলেকট্রনিক, যার সূচনা তিনি করেছেন, যা আমাদের জানাশোনার কম্পিউটার-স্মার্টফোনকে বদলে দেবে আগামী দুই দশকের মধ্যে, তার মধ্যে আটকে যায়নি। বরং জাহিদ ভাবেন কেন কতগুলো অভিব্যক্তিহীন কণা, ইলেকট্রন, প্রোটন কিংবা নিউট্রন জড়ো হয়ে শেষ পর্যন্ত মানুষের মতো একটি সত্তার জন্ম দেয়, যে প্রশ্ন করতে পারে?
আর এই সত্যের অন্বেষণে জাহিদের অস্ত্র পদার্থবিজ্ঞান এবং তার প্রয়োগ। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের যে বাড়িতে এখন জাহিদ থাকেন, তার কাছেই থাকতেন অ্যালবার্ট আইনস্টাইন। ছোটবেলা থেকেই জাহিদের ইচ্ছে ছিল আইনস্টাইনের বিশ্ববিদ্যালয়ে কাজ করার। ‘লেগে ছিলাম, বিশ্বাস করেছি আর যখনই যে সুযোগ পেয়েছি সেটি কাজে লাগাতে পেরেছি’, বলেন জাহিদ হাসান। এ জন্য স্বপ্নের কাছে পৌঁছেছেন।
এখন তাঁর সহকর্মীদের অনেকেই নোবেল পুরস্কার বিজয়ী। তাঁদের সঙ্গে দুপুরে খাবার টেবিলে দেখা হয়। জাহিদ দেখেন তাঁরা আমার-আপনার মতোই, সাধারণ। জাহিদ দ্বিধাহীন চিত্তে জানান, স্কুলে পড়ার সময় ক্লাস ফাঁকি দিয়ে টেবিল টেনিস খেলতে চলে যেতেন। আবার ঠিকই দুঃস্বপ্ন দেখতেন যে পরীক্ষার হলে সময় চলে যাচ্ছে কিন্তু তাঁর লেখা শেষ হচ্ছে না।
জাহিদের ধারণা, বিশ্বাস, একাগ্রতা এবং যখন যেভাবে লেগে থাকতে হবে, সেটা ঠিকমতো করতে পারলেই সাফল্যের কাছে পৌঁছে যাওয়া যায়। কিন্তু এর কোনোটি এমনি এমনি হয় না। সবকিছুর পেছনে খাটতে হয়। বিশেষ করে পড়তে হয় প্রচুর। শুধু নিজের বিষয়ের বই নয়, সব ধরনের। জাহিদ বলেন, ‘আমার বইয়ের তাকে দর্শন আর ধর্মতত্ত্বের নানা বই।’ তাঁর ঘরে দর্শনের বইয়ের আধিক্যের জন্য জাহিদের মেয়ে নাকি বলে, ‘বাবা, তুমি কি দর্শনের প্রফেসর?’
বিজ্ঞান আর দর্শনের মিলনেই শেষ পর্যন্ত মানুষের জ্ঞানতৃষ্ণার সমাপ্তি। জগদীশ চন্দ্র বসুর মতো জাহিদ তাই কবি আর বিজ্ঞানীদের একই দলে ফেলেন। সত্যান্বেষী, সৌন্দর্যের পূজারি। আর প্রকৃতি পাঠের সৌন্দর্য অবলোকনেই শেষ পর্যন্ত বুদ্ধির মুক্তি।
জাহিদ হাসানের মতো বিজ্ঞানীরা সেই মুক্তির কেবল রসদ জুগিয়ে যান না, সেগুলো জ্বাল দিয়ে সত্যটাকেও আরও আলোকিত করে যান।
আলাপের কোন ফাঁকে যে আড়াই ঘণ্টা কেটে গেছে তা আমরা টের পাইনি। গাড়িতে তুলে দেওয়ার সময় মনে হচ্ছিল আবার আসবেন তো জাহিদ হাসান, প্রথম আলোতে, বাংলাদেশে?
বাসায় ফিরে ই-মেইল খুলে তার জবাব পেয়ে গেছি। আলাপচারিতা নিয়ে জাহিদ লিখেছেন, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই আশাবাদী।
আর ভবিষ্যতের কাছে জাহিদ হাসান ফিরবেনই!

জাহিদ যেভাবে যেখানে
বিজ্ঞানীদের ছেলেবেলা নিয়ে সাধারণত মজার মজার গল্প থাকে। আমাদের জাহিদ হাসানও ব্যতিক্রম নন। ছোটবেলায় একটা কম্পাস উপহার পেয়েছিলেন। একবার গভীর বিস্ময় নিয়ে কম্পাস হাতে ভাবতে বসেছিলেন, কোন অদৃশ্য শক্তি কম্পাসের কাঁটাকে উত্তর-দক্ষিণপন্থী করে রাখে! মাথার ভেতর দানা বাঁধতে থাকা এসব প্রশ্নই সম্ভবত তাঁকে দশম শ্রেণিতে পড়ার সময় একটা আস্ত বই লিখে ফেলতে সাহায্য করেছিল। বইয়ের নাম এসো ধূমকেতুর রাজ্যে।
সে সময় তিনি ধানমন্ডি গভ. বয়েজ স্কুলে পড়তেন। এই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন। ঢাকা কলেজের এই ছাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ছিলেন সবার ওপরে। সবগুলো শিক্ষা বোর্ডের মধ্যে মেধাতালিকায় প্রথম হওয়া জাহিদের জন্য অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়াটা বিস্ময়কর ছিল না। এখানে পড়ার সময় নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী স্টিভেন ভাইনবার্গের সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চয়ই তাঁকে বড় স্বপ্ন দেখার রসদ জুগিয়েছে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার প্রস্তাব প্রথম সুযোগেই লুফে নিয়েছিলেন। সেখানে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, সিঙ্গাপুর, জার্মানি ও সুইডেনের একদল বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে গবেষণা করেছেন। জাহিদের নেতৃত্বে এই দলটিই আবিষ্কার করেছে ফার্মিয়ন কণা। ১৯২৯ সালে জার্মান বিজ্ঞানী হারমান ভাইল প্রথম ফার্মিয়ন কণার অস্তিত্বের কথা বলেছিলেন। তবে তাঁর এই আবিষ্কার ছিল তত্ত্বীয়। ৮৫ বছর পর জাহিদ আর তাঁর গবেষকদল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অধরা কণাটির অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এই আবিষ্কার নিঃসন্দেহে আরও বড় বড় আবিষ্কারের ক্ষেত্র তৈরি করে দেবে। মুঠোফোন, কম্পিউটারের মতো ইলেকট্রনিক সামগ্রীর গতি বাড়বে, হবে শক্তিসাশ্রয়ী।
জাহিদ হাসানের জন্ম ১৯৭০ সালে। বাংলাদেশের এই বিজ্ঞানী অ্যাডভোকেট রহমত আলী ও গৃহিণী নাদিরা বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড়। স্ত্রী প্রকৌশলী সারাহ আহমেদ, ছেলে আরিক ইব্রাহিম ও মেয়ে সারিনা মরিয়মকে নিয়ে তাঁর সংসার।