
গত বছর আমার ঢাকা সফরের শেষ রাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় আমি তাঁকে বলেছিলাম, প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা আমি বেশ উপভোগ করেছি।
আমি তাঁকে বললাম, বাংলা ভাষা না বুঝলেও তিনি তাঁর বক্তৃতায় যতবার বাংলাদেশের নাম উচ্চারণ করেছিলেন, ততবার আমি তা বুঝতে পেরেছি। সফররত একজন বিদেশি সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে, বাংলাদেশ মানেই প্রথম আলো আর প্রথম আলো মানেই বাংলাদেশ।
সম্পাদক মতিউর রহমান আমার কথা শুনে খুশি হলেন। তিনি কিছুটা সান্ত্বনাও পেলেন বলে মনে হলো। আর তিনি মনে হয় তখন কিছুটা উদ্বিগ্ন ও হতাশ ছিলেন।
পেশাদার সাংবাদিক হিসেবে আমি জানি, প্রত্যক্ষভাবে দায়িত্ব পালন করার চাপ কী জিনিস। আমি নিজেও মিসরের সবচেয়ে বড় পত্রিকা আল-আহরাম-এর ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে আমি জানি, শীর্ষ পদের গুরুত্ব কী। আর ‘শীর্ষ’ বলতে আমি বুঝি চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসযোগ্যতা।
আমি বুঝতে পারি, সব চ্যালেঞ্জ ও পরিবর্তন সত্ত্বেও প্রথম আলো শীর্ষে আছে, আর তার জ্বালাও তাকে সইতে হচ্ছে।
প্রথম আলোর টোকিও প্রতিনিধি মঞ্জুরুল হকই জাপানে বাংলাদেশের সেরা প্রতিনিধি। তবে আমি জাপানে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের কোনোভাবেই অবজ্ঞা করছি না।
এই মঞ্জুরের মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে আমার যোগাযোগ গড়ে ওঠে আজ থেকে ১৩ বছর আগে, যখন বাংলাদেশ একটি উদীয়মান ও প্রতিশ্রুতিশীল দেশ। মঞ্জুরের মাধ্যমেই আমি প্রথম আলোর গুরুত্ব সম্পর্কে অবগত হই। সারা দুনিয়ার ঘটনাপ্রবাহের বিষয়ে তিনি নিজের ও তাঁর পত্রিকার উৎসাহ সম্পর্কে আমাকে অবগত করেন। বিশেষত, মিসরে যে নাটকীয় ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে মিসর সম্পর্কেও তাঁরা জানতে উদগ্রীব।
জাপানে আল-আহরাম–এর প্রতিনিধি হিসেবে আমি ২০০১ থেকে ২০০৫ সাল কাজ পর্যন্ত করেছি। সে সময় আমি মেধাবী বাংলাদেশি সাংবাদিক মঞ্জুরের সঙ্গে সব জায়গায় যেতাম। আমরা একত্রে জাপানের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছি।
টোকিওর ফরেন করেসপনডেন্ট ক্লাবে অনুষ্ঠিত একটি বাংলাদেশি অনুষ্ঠানের কথা আমি কখনোই ভুলতে পারব না। সেখানে আমি ও আমার স্ত্রী মোনা দারুণ সব বাংলাদেশি খাবার খেয়েছি। বাংলাদেশের অনেক পরিবারের সঙ্গে সরাসরি মেশার সুযোগ হয়েছিল সেদিন। সেদিন ওখানে নিজেদের মোটেও আগন্তুক মনে হয়নি।
২০১০ সালের গ্রীষ্মে আমি আবারও আমন্ত্রিত হয়ে জাপানে যাই। জাপানে মিসরের রাষ্ট্রদূত ওয়ালিদ আবদেল নাসের সে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আবারও মঞ্জুরের সঙ্গে দেখা হলো। তিনি তখন ফরেন করেসপনডেন্ট ক্লাবের প্রধান। তাঁকে সে পদে দেখে সত্যিই খুব আনন্দ পেয়েছিলাম, তিনি সে পদের যোগ্য।
চার বছর আগে মঞ্জুরই আমাকে প্রথম বাংলা পত্রিকায় লেখার কথা বলেন। প্রথমে মনে করেছিলাম, তিনি আসলে তেমন কিছু ভেবে কথাটা বলেননি। ২০১২ সালে আমি আবারও জাপান সফরে গেলে ফরেন করেসপনডেন্ট ক্লাবে তিনি আবার আমাকে বলেন, আমি যেন মাসিক ভিত্তিতে বাংলাদেশি পত্রিকায় লিখি।
কায়রো ফিরে আমি তাঁর আজ্ঞা পালন করতে শুরু করি। প্রথম আলোয় আমার প্রথম লেখাটি ২০১২ সালের ডিসেম্বর মাসে ছাপা হয়। তারপর থেকে আজ অবধি আমি লিখছি। আমি সত্যিই এর জন্য গর্বিত। (অনূদিত)
কামাল গাবালা: মিসরের আল-আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক