প্রথম আলো পড়ে মাকসুদকে সহায়তার সিদ্ধান্ত নিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেটা সফটের মাহবুব জামান একবার আবাকে মাকসুদুল আলমের পাটের জীবনরহস্য উন্মোচনের গবেষণা নিয়ে জানিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের এক সেমিনারে গিয়েও আমি এই বিষয়টা জানতে পারি। কিন্তু তাঁকে কীভাবে কতটুকু সহায়তা করব, তা নিয়ে সংশয়ে ছিলাম। প্রথম আলোতে মাকসুদুল আলমের রাবারের জিন-নকশা উন্মোচন ও পাট নিয়ে গবেষণা করার বিষয়ে প্রতিবেদন পড়ার পর আমার সংশয় দূর হয়। ফোন নম্বর সংগ্রহ করে মালয়েশিয়ায় অবস্থানরত মাকসুদুল আলমকে ফোন করে বলি, ‘আপনি দেশে আসেন। কাজ শুরু করেন।’ আমাদের আহ্বানে মাকসুদুল আলম দেশে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান ও মাহবুব জামানসহ বসে বিশদ পরিকল্পনা করি। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলি, ‘মুখে আমরা পাট পাট করে গলা ফাটাচ্ছি। আর দেখেন, অন্য দেশ পাট নিয়ে গবেষণা করে এর জিন-নকশা উন্মোচন করার জন্য কাজ শুরু করে দিয়েছে। যেকোনো সময় তারা মেধাস্বত্বের নিবন্ধন নিয়ে যাবে। তখন হায় হায় করতে হবে। দেশের পাট দিয়ে গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে না।’ মাকসুদুলের গবেষণাটি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার পর তিনি বললেন, ‘ওনাকে কাজ শুরু করতে বলেন; আমরা সহায়তা করব।’ গবেষণাটি কঠোর গোপনীয়তার সঙ্গে করতে হয়—এ কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি তাঁর কথা রেখেছিলেন। এমনকি সংসদে তাঁর বক্তৃতার ফটোকপিটিও তিনি নিজের হাতে করেছেন; কারও হাতে দেননি। গবেষণার প্রতিটি পর্যায়ের অগ্রগতি নিয়ে মাকসুুদুল আলমের সঙ্গে আমার কথা হয়েছে। গোপনীয়তার স্বার্থে টেলিফোনে পাটের বিষয়টি উল্লেখ না করে আকার-ইঙ্গিতে আমরা কথা বলেছি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ডেটা সফট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু গত ছয় মাসে কোনো তথ্য বাইরে প্রকাশিত হয়নি। গোপনীয়তা বজায় থেকেছে। এটা একটা বড় ধরনের অর্জন। মধ্যপ্রাচ্য প্রতিবছর ১৯ হাজার টন পাটপাতা আমদানি করে। আমাদের এই বাজারটি এখন অন্যান্য দেশের হাতে। আমরা তা দখল করতে পারি। আগামী দিনগুলোতে লবণাক্ত, শীত ও বৈরী পরিবেশসহিষ্ণু পাটের জাত উদ্ভাবন করতে পারব। সরকার বিজ্ঞানীদের ধরে রাখতে আলাদা বেতনকাঠামো ও অবসরের বয়সসীমা নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। আরও যা যা প্রয়োজন, তার সবই করা হবে।