প্রথম আলোর প্রতিবেদন নিয়ে সেতুবন্ধনের প্রদর্শনী

পাখি সুরক্ষা ও প্রজনন নিরাপত্তা নিয়ে কাজ করে সংগঠনটি। এরই মধ্যে তাদের উদ্যোগে গড়ে উঠেছে কাক, শামুকখোল ও বাদুড়ের অভয়াশ্রম নীলফামারীর সৈয়দপুরে। সেতুবন্ধন নামের স্বেচ্ছাসেবক সংগঠনটি গত ৩ অক্টোবর একটি ব্যতিক্রমী প্রদর্শনের আয়োজন করে। প্রদর্শনীটি ছিল প্রথম আলোয় প্রকাশিত পাখি ও বন্য প্রাণী নিয়ে বিশেষ প্রতিবেদনকে ঘিরে। ‘পাখি চিনি ও বন্য প্রাণী সম্পর্কে জানি’ শীর্ষক ওই প্রদর্শনীটি হয় শতবর্ষ তুলশীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আঙিনায়। শিক্ষার্থী ও সাধারণের জন্য উন্মুক্ত ছিল প্রদর্শনীটি।
প্রদর্শনীর উদ্বোধন শেষে সৈয়দপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ‘আমি আগাগোড়া প্রথম আলোর একজন পাঠক। পত্রিকাটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি জীব ও বৈচিত্র্য নিয়ে কাজ করে। পাখি ও প্রকৃতি নিয়ে অনেক লেখা ছাপা হয় প্রথম আলোয়। শিক্ষার্থীরা এ থেকে তাদের তথ্যভান্ডার সমৃদ্ধ করতে পারে। সে ক্ষেত্রে প্রথম আলো একটি স্কুলও বলা যায়।’
প্রথম আলোর পেপার কাটিং প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছেন দশম শ্রেণির ছাত্রী হুমআরা। সে জানায়, পাখিগুলো নিয়ে লেখা আমি নিয়মিত পড়ি। এসব লেখার প্রদর্শনী হতে পারে, তা আগে বুঝে উঠিনি। আমার কাছে খুব বৈচিত্র্যময় লেগেছে প্রদর্শনীটি।
সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘এক দিনের এ প্রদর্শনীতে ব্যাপক দর্শকের সাড়া পেয়েছি। পাখি ও প্রকৃতি নিয়ে মানুষের প্রচণ্ড আগ্রহ। এতে আমরা উজ্জীবিত হই। শিক্ষার্থীরা অনেক বেশি উৎসুক। তারা প্রথম আলোর কাছে আরও অনেক কিছু জানতে চায়। ফলে এ ধরনের প্রদর্শনী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার আগ্রহ রয়েছে।’
স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন ২০১৩ সাল থেকে বন্য প্রাণী শিকার, নিধন, বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক, সাইকেল শোভাযাত্রা, স্কুল-কলেজ প্রচারণা, লিফলেট বিতরণ করছে। নতুন প্রজন্ম পাখি চেনাতে পাখির ছবিসংবলিত সেলফি জোন তৈরি করছে। কাজের সফলতাস্বরূপ ২০১৬ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে পাখি সংরক্ষণে সম্মাননা পেয়েছে সংগঠনটি।