‘বহুদিন ধরি পত্রিকার হকারি করি। ফাঠকেরা ঝড় তুফান বুইজতে রাজী অয়না, এ্যক্কানা দেরি ওইলেই চেতি যায়, কনও কনও দিন গাইল্যায়। আইজ্জাত্তুন আর কষ্ট অইতো ন। বৃষ্টি আইলেও ঠিকমতো পত্রিকা দেয়ন যাইব।’ রেইনকোট হাতে পেয়ে বিক্রয়কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর গত সোমবার সন্ধ্যায় এভাবেই তাঁর অনুভূতি ব্যক্ত করলেন।প্রতিদিন ভোরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যাঁরা গ্রাহক ও পাঠকদের হাতে প্রথম আলো পত্রিকাটি তুলে দেন, সেই বিক্রয়কর্মীদের হাতে একটি করে রেইনকোট তুলে দিয়েছে প্রথম আলো কর্তৃপক্ষ। গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ফেনীতে প্রথম আলো পত্রিকার পরিবেশকদের মাধ্যমে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ৫৮ জন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলো প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) মো. আমিরুল হক, কুমিল্লার রিজিওনাল ম্যানেজার মো. আতিকুর রহমান, প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।বিকেল থেকেই রেইনকোট নেওয়ার জন্য বিক্রয়কর্মীরা নিজ নিজ পরিবেশকের (এজেন্ট) অফিসে জড়ো হন। সেখানে প্রথম আলোর ব্যবস্থাপকসহ অন্যরা গিয়ে তাঁদের হাতে রেইনকোট তুলে দেন। রেইনকোট হাতে পেয়ে বিক্রয়কর্মীরা খুশি হন এবং অনেকটা মো. জাহাঙ্গীরের মতোই তাঁদের অনভূতি ব্যক্ত করেছেন। প্রথম আলোর পরিবেশক (এজেন্ট) মজিবুর রহমান বলেন, রেইনকোট পাওয়ায় বিক্রয়কর্মীদের আর ভিজতে হবে না।প্রসঙ্গত, রেইনকোট পেতে আগ্রহী বিক্রয়কর্মীদের প্রথম আলোর সরবরাহকৃত তথ্য ফরম পূরণ করতে অনুরোধ করা হয়েছে। প্রথম আলো কর্তৃপক্ষ তাঁদের রেইনকোট সরবরাহ করবে।