চট্টগ্রামের সেরা ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১২’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। নগরের জেলা শিল্পকলা একাডেমীতে তিন দিনের এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন হবে সকাল ১০টায়। উদ্বোধন করবেন অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। উদ্বোধন শেষে প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হবে। দ্বিতীয় দিন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ১৬ জুন শনিবার প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত হবে বিতর্কের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী প্রতিযোগিতা। এ ছাড়া রয়েছে বারোয়ারি বিতর্কের আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সিলভার বেলস গার্লস হাইস্কুল, সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, বিএএফ শাহীন কলেজ, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়, আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়, মেরন সান স্কুল অ্যান্ড কলেজ ও চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন।