একটু খটকা লাগতেই পারে; কিন্তু দিব্যি করে বলছি, ঘটনা সত্য। প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে প্রথম ই-মেইল ব্যবহার করেন বিল ক্লিনটন! যেখানে ই-মেইলের আবিষ্কার ১৯৭১ সালে! তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ত্বরিত যোগাযোগের ক্ষেত্রে কেন এই পিছিয়ে পড়া? নাকি ইচ্ছা করেই পিছিয়ে থাকা? যদিও সে অন্য বিতর্ক। কিন্তু এই তথ্যটি শতভাগ সত্য বলেই জানিয়েছে বেশ কয়েকটি ওয়েব পোর্টাল। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অফিস থেকেও একই রকম তথ্য দেওয়া হয়েছে। জানা গেছে, বিল ক্লিনটনই প্রথম প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমতাকালে অর্থাৎ ১৯৯৩ থেকে ২০০১ সালের মধ্যে প্রথম ই-মেইলের ব্যবহার শুরু করেন। এটুকু যদি আপনার কাছে আশ্চর্যজনক তথ্য মনে হয়, ক্লিনটনের জবানিতে পাবেন আরও মজার তথ্য। তিনি জানান, আট বছরের শাসনামলে মাত্র দুটি ই-মেইলই করেছেন! ক্লিনটন বলেন, ‘আমি মাত্র দুটোই ই-মেইল করেছি আমার সময়কালে। আর ওই দুটি ই-মেইলের একটি আমাদের অ্যাড্রিয়াটিক সেনাদের কাছে আর অন্যটি জন গ্লেনের কাছে। ৭৭ বছর বয়সে ভদ্রলোক মহাকাশে ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল ই-মেইলই।’একটু দেরিতে হলেও ক্লিনটন যে ই-মেইল ব্যবহার শুরু করেছিলেন, সেটি এখন অন্যতম যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে তাঁর উত্তরসূরি মার্কিন প্রেসিডেন্টদের। খুব বেশি না হলেও ক্লিনটনের পর জর্জ ডব্লিউ বুশ বেশ খানিকটা অভ্যস্ত হয়ে উঠেছিলেন ই-মেইলে। আর বারাক ওবামার বেলায় তো ই-মেইল-নির্ভরতার কথাই শুনতে পাওয়া যায় হোয়াইট হাউস থেকে। তা ছাড়া এই কালে হোয়াইট হাউস বা প্রেসিডেন্টের দরবারে আরজি জানাতে কিংবা প্রেসিডেন্টের জন্য কোনো উপদেশ, আদেশ ও প্রশ্ন থাকলে সেটা জানানোর জন্যও আলাদা ব্যবস্থা আছে হোয়াইট হাউসের ওয়েব পোর্টালে। সূত্র: একাধিক ওয়েবসাইট