প্রথম কদম ফুল

অনুষ্ঠানের শিরোনাম ‘প্রথম কদম ফুল’ হলেও সেদিন অনেক বন্ধুই নীল শাড়ির সঙ্গে খোঁপায় জড়িয়েছিলেন বেলি ফুল। বলছি ১৩ জুন বিকেলে শাহবাগ গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বন্ধুসভার সাংস্কৃতিক আয়োজনের কথা।
অনুষ্ঠান শুরু হলো ফারহান কবিরের কণ্ঠে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গান দিয়ে।
এরপর একে একে গান পরিবেশন করেন মিঠুন রায়, খায়রুল বাসার, পারমিতা দাশ ও মিতু রানী কর্মকার। তাঁদের গানেও ছিল বর্ষার সতেজতার ছোঁয়া।
সোহাগ, পলাশ ও চৈতির নৃত্য দর্শকদের মনকে নাচিয়ে তোলে।
নাচ-গানের ফাঁকেই অনুষ্ঠানের চমক হিসেবে মঞ্চে ওঠেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। তিনি শোনান ‘জেল খানার চিঠি’ কবিতাটি। দর্শকেরা মুগ্ধ হয়ে শোনেন এই আবৃত্তিশিল্পীর পরিবেশনা। মাহবুব পারভেজ, সুমিত পাল, হাসান সালেহ ও মোহতারিমা রহমানের আবৃত্তিতেও ছিল বৃষ্টির আবেশ।
মীর লোকমানের মূকাভিনয়ের মাধ্যমে ‘বৃষ্টিস্নান’ দর্শকদের মনকেও আনন্দে ভিজিয়ে দেয়। এসব পরিবেশনার ফাঁকে ফাঁকেই বন্ধুরা মঞ্চে এসে শোনাচ্ছিলেন তাদের বর্ষার স্মৃতি।
সেদিনের আনন্দঘন এই অনুষ্ঠান শেষ হয় রাজশাহীর বন্ধু মৌমিতা তাসরিন নদীর গানের মধ্য দিয়ে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাইদুজ্জামান।