প্রচ্ছন্ন প্রভাত। ভ্রমরের গুনগুন, পাখির কলতান, ফুলের সুবাস, এ যেন এক নতুন সকাল। গাছের ডালে ডালে ঝিকিমিকি আলো, অরণ্যে বসন্তের আগমন, আজ নতুন সাজে সেজেছে ধরণি। গতকাল সন্ধ্যায় শাওয়ালের চাঁদ উঠেছে, আজ ঈদ। আনন্দের হাতছানি, ঘরে ঘরে হাসি-খুশি, চারদিকে সাজসাজ রব।
মানুষের যত দুঃখ-গ্লানি, যেন আজ আর নেই। সবার পরনে নতুন পোশাক। আর দেরি নয়, মায়ের আদেশ বাবার সঙ্গে যেতে হবে ঈদগাহে, পড়তে হবে ঈদের নামাজ। স্নেহ সিক্ত হাত দিয়ে মা আমাকে মনের মতো সাজালেন। মাথায় টুপি, পরনে সাদা পায়জামা, পাঞ্জাবি ও পায়ে কাবলি স্যান্ডেল। এমন পোশাক আগে কখনো পড়িনি। মা বারবার তাকিয়ে দেখলেন আমার পোশাক ঠিক আছে তো! আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা। মনে হলো আমি আজ রাজপুত্র, যাচ্ছি এক অভিযানে।
আমাদের গ্রাম থেকে ঈদগাহ কিছুটা দূরে। গ্রামের মাঝ দিয়ে পায়ে হাঁটার মেঠো পথ। মা নিজ হাতে হালুয়া মিষ্টি খেতে দিলেন। আদর করে আমাকে বিদায় দিলেন। বাবার হাত ধরে আমি রওনা হলাম। বাবার হাত ধরে ইদগাহে যাওয়া এই আমার প্রথম। সেই ১৯৪৭ সালের কথা। বয়স আর কত হবে! তখন আমি প্রাইমারি স্কুলের ছাত্র। পথে অনেক লোকের ভিড়। আমার মতো ছেলেদের সংখ্যাও কম ছিল না। মনে হচ্ছিল পথ-ঘাট, গাছ-পালা সবাই আমাদের স্বাগত জানাচ্ছে। সে এক অভিনব অভিজ্ঞতা ও এক অনাবিল আনন্দ। আমি বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছি এবং বাবা অনুচ্চ স্বরে আমাকে উপদেশ দিচ্ছিলেন, যা এখনো আমার মনে পড়ে। আল্লাহর নাম নিতে নিতে আমরা প্রায় আধঘণ্টা পর ঈদগাহে পৌঁছালাম। খোলা মাঠ, চারদিকে নামাজিদের ভিড়। কারও কারও হাতে জায়নামাজ।
আমরা ঈদগাহে প্রবেশ করলাম। অল্প সময়ের মধ্যেই ঈদগাহ নামাজিদের ভিড়ে ভরে গেল। মনে হলো পুরো ময়দান সাদা চাদরে ঢাকা পড়েছে। মুসল্লিদের ভিড় কিন্তু কোনো হইচই নেই, কারও মুখে কোনো কথা নেই, পুরো ময়দান যেন একটি শান্তির নীড়। ধর্মের প্রতি মানুষের যে একাগ্রতা এবং গভীর বিশ্বাস, এটাই তার উৎকৃষ্ট প্রমাণ। মানুষের সব চাওয়া-পাওয়া, সব আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল এক আল্লাহ। তিনিই সৃষ্টিকর্তা, তিনিই নিয়ন্ত্রণকর্তা, যার অন্য কোনো বিকল্প নেই। সকলের মন ইমাম সাহেবের বয়ানের প্রতি। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন রোজা, নামাজ, হজ, দোজখ ও বেহেশত নিয়ে। তিনি বললেন, আল্লাহ এক, তার নিকট সবাই সমান এবং মানুষ জ্ঞানের মাধ্যমে মর্যাদার অধিকারী হয়। মানুষের দায়িত্ব আল্লাহকে বিশ্বাস করা এবং তিনি যেভাবে আশা করেন, সেইভাবে তাঁর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করা। আল্লাহ মানুষকে তাগিদ দেন সঠিক কথা বলার, সঠিক কাজ করার, সঠিক চিন্তা করার, হিংসা ও অহংকার পরিহার করার এবং আল্লাহর সৃষ্টিকে সেবা করার। ইমামের ওই বক্তব্য আমার মনে নতুন আশার সৃষ্টি করল, যা আমার জন্য মহা মূল্যবান পাথেয় ছাড়া অন্য কিছু নয়। ইমাম সাহেব নামাজ পড়ালেন। হাজার হাজার মানুষের আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের এ এক অপরূপ দৃশ্য। সব শেষে তিনি বিশ্বের সকলের মঙ্গলের জন্য আল্লাহর নিকট মোনাজাত করলেন, যা মানুষের ভালোবাসা ও সুখ-শান্তির এক অপরূপ নিদর্শন। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করলাম। মানুষে মানুষে ভাই-ভাই, তাদের মাঝে কোনো ভেদাভেদ নেই- এ তারই প্রমাণ বহন করে।
নামাজ শেষে বাবার হাত ধরে বাড়ি ফেরার পথে আমি মায়ের দেওয়া কয়েকটি টাকা গরিবদের মধ্যে বিতরণ করলাম। তাদের করুণ অবস্থা দেখে আমি বড়ই মর্মাহত হলাম। খেলনা কেনার জন্য মা আমাকে যে টাকা দিয়েছিলেন তাও আমি এদের মধ্যে বিতরণ করলাম এবং তাদের ভালোর জন্য আমি আল্লাহর নিকট দোয়া কামনা করলাম। বাড়ি ফিরে দেখলাম অনেক ছেলে-মেয়েদের ভিড়। মা তাদের খাবার দিচ্ছেন, আমিও তাদের সঙ্গে মিশে গেলাম। রাতে স্বপ্নে দেখলাম, ইমাম সাহেব বয়ান দিচ্ছেন, ‘‘সঠিক কথা বলবে, সঠিক কাজ করবে, সঠিক চিন্তা করবে ও মানুষকে সেবা করবে”। এটাই আমার প্রথম ঈদের শিক্ষা। আমি আজও এই সব উপদেশ মেনে চলার চেষ্টা করি। আমার জীবনের এটাই প্রথম ঈদের অভিজ্ঞতা।