প্রথম গাড়ি গেল বড়পাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের নাইক্যছড়ি থেকে নারানগিরি বড়পাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মাটির রাস্তা তৈরি করা হয়েছে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় এ রাস্তা তৈরি করা হয়। এতে ৪০ মেট্রিকটন খাদ্যশস্য পেয়েছে চার হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি পেয়েছেন চলাচলের পথ।নবনির্মিত রাস্তা পরিদর্শন করতে ২৭ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম চাঁদের গাড়িতে চড়ে বড়পাড়া যান। প্রথমবারের মতো গাড়ি দেখে বড়পাড়ার মানুষ খুশিতে আত্মহারা হয়ে যান। নতুন রাস্তা পেয়ে গবছড়া ও নারানগিরি বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী দারুণ খুশি। নতুন বই হাতে নতুন সড়ক দিয়ে বিদ্যালয়ে যেতে তাদের অনেক আগ্রহ। বড়পাড়ার কার্বারি ও স্থানীয় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য চা অং প্রু মারমা জানান, ‘কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের নাইক্যছড়ি থেকে নারানগিরি বড়পাড়া পর্যন্ত আগে কোনো সড়ক ছিল না। মানুষ পাহাড়, পাহাড়ি ছড়া ও জমির আলের ওপর দিয়ে যাতায়াত করতেন। পথে পাঁচটি পাহাড়ি ছড়া থাকায় জুতা পায়ে যাতায়াত করা যেত না। এখন নতুন রাস্তা হওয়ায় মানুষের দুর্ভোগ থাকবে না।’ নারানগিরি বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজাই প্রু মারমা জানান, ‘বর্ষায় চলাচল অসম্ভব হয়ে পড়েছিল। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হারও থাকত কম। এখন রাস্তা হওয়ায় মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে।’ রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান অংশি মারমা জানান, নাইক্যছড়ি থেকে নারানগিরি বড়পাড়া অত্যন্ত দুর্গম এলাকা। সড়ক না থাকায় গবছড়া, উপর নারাছড়ি, নিচের নারাছড়ি, নারানগিরি বড়পাড়া ইত্যাদি এলাকার চার হাজারেরও বেশি লোকজনকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সড়ক তৈরি হওয়ায় দুর্গম এলাকায় উত্পাদিত আদা, হলুদ, কলা, কাঁঠাল, আনারস, পেয়ারা, বরই, ধান ইত্যাদি উত্পাদিত পণ্য সহজে বাজারজাত করা যাবে। এর ফলে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাড়ে চার হাজার মানুষ উপকৃত হবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ রহীম বলেন, ‘মাটির এই সড়ক তৈরিতে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় ৪০ মেট্রিকটন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। গত ডিসেম্বরে কাজ শুরু হয়। নিয়ম মেনে প্রকল্পের কাজ শেষ হয়েছে। সড়কটি হওয়ায় এলাকার জনগণ উপকৃত হবেন।’